নির্বাচন উপলক্ষ্যে ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পোশাক কারখানা বন্ধের দাবিটি ভুয়া

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে দাবিতে বেসরকারি ইলেকট্রনিক সংবাদমাধ্যম এনটিভি’র লোগো সংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিওটিতে একজন সংবাদ পাঠিকাকে বলতে শোনা যায়, ‘উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের নিরাপত্তাজনিত কারনে কাল থেকে দেশের সব পোশাক কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন।’

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আসন্ন নির্বাচন উপলক্ষ্যে ১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল পোশাক কারখানা বন্ধের ঘোষণা দেওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেশের সব পোশাক কারখানা বন্ধ ঘোষণার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনের ভয়েস কর্তন করে সেটির সাথে ভিন্ন আরেকটি গণমাধ্যমের সংবাদ পাঠিকার ফুটেজ যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
প্রচারিত ভিডিওটিতে ‘এআই-জেনারেটেড’ লেবেল দেখতে পাওয়া যায়। তবে অনুসন্ধানে জানা যায়, ভিডিওটি আসল। এটি এআই দিয়ে তৈরি ভিডিও নয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি। বরং জানা যায়, নির্বাচনের কারণে শিল্পকারখানার শ্রমিকরা ১০ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত মোট তিনদিনের ছুটি পাচ্ছেন।
পরবর্তীতে আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৩০ জানুয়ারি আলোচিত দাবিতে প্রচারিত সংবাদ পাঠিকার ভিডিওটি খুঁজে পাওয়া যায়। তবে ভিডিওটিতে তাকে পোশাক কারখানা বন্ধ বিষয়ে আলোচিত দাবিটি করতে শোনা যায়নি। বরং, অনুসন্ধানে দেখা যায়, আরেক গণমাধ্যম নিউজ২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট প্রচারিত একটি প্রতিবেদনের সংবাদ পাঠিকার দেওয়া তথ্য ও কণ্ঠের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর কণ্ঠের হুবহু মিল পাওয়া যায়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে যে, নিউজ২৪ এর সংবাদ পাঠিকার অডিও নিয়ে সেটি এনটিভির ভিডিওর সাথে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যুক্ত করে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক ইত্তেফাকের ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।
সুতরাং, নির্বাচন উপলক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সকল পোশাক কারখানা বন্ধ ঘোষণা দেওয়ার দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Prothom Alo Website: নির্বাচনের জন্য শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি
- NTV News Youtube Channel: 🟢 মধ্যাহ্নের খবর | Modhyanner Khobor | 30 January 2026 | NTV News Update
- News24 Youtube Channel: কাল থেকে বন্ধ দেশের সব গার্মেন্টস | News24
- Rumor Scanner’s Analysis

