ভারতীয় অ্যাকাউন্ট থেকে নির্বাচন বিষয়ে জামায়াত আমীরের মন্তব্য বিকৃত করে প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘“বাংলাদেশের নির্বাচনের সময় আমরা গণহত্যা চালাব!” – জামায়াতে ইসলামী’র চমকপ্রদ হুমকি। জানা যায় জামায়াত পাকিস্তানের আইএসআই থেকে টাকা, অস্ত্র ও বিস্ফোরক পাচ্ছে। যদি এমন উগ্রপন্থীরা একটি ইসলামী দেশকে প্রকাশ্যে হুমকি দেয়, তাহলে হিন্দু-সংখ্যাগরিষ্ঠ ভারতের প্রতি তাদের মানসিকতা কল্পনা করো। সতর্কবার্তাটি জোরালো এবং স্পষ্ট!’ (অনূদিত)

এরূপ দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

তবে, প্রচারিত পোস্টে সংযুক্ত ভিডিওতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে বাংলায় বলতে শোনা যায়, ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’।

আলোচিত দাবিতে প্রচারিত উপরোল্লিখিত পোস্টকারী এক্স অ্যাকাউন্ট ‘Sanatan Prabhat’ এর এক্স অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায় এটি মূলত ভারত ভিত্তিক অ্যাকাউন্ট।

এছাড়াও, আলোচিত দাবিতে ‘Sanatan Prabhat’ এর ওয়েবসাইটেও গত ২৫ নভেম্বরে একটি প্রতিবেদন প্রচার করা হয়৷ দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাংলাদেশের নির্বাচনের সময় আমরা গণহত্যা চালাব’ শীর্ষক মন্তব্য করেননি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। প্রকৃতপক্ষে তার করা বক্তব্য ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’ শীর্ষক বক্তব্যকে বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘এটিএন বাংলা নিউজ’ এর ইউটিউব চ্যানেলে ‘একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড-শফিকুর রহমান’ শিরোনামে গত ২২ নভেম্বরে প্রচারিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে জামায়াতের আমীরের বক্তব্যের সংযুক্তি পাওয়া যায়। জামায়াত আমীরকে বলতে শোনা যায়, ‘আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’।

এছাড়াও, মূলধারার গণমাধ্যম ‘‌যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে গত ২২ নভেম্বরে প্রচারিত এক ভিডিওতেও জামায়াতের আমীরকে একই কথা বলতে শোনা যায়।

এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম ‘কালের কণ্ঠ’ এর ওয়েবসাইটে গত ২২ নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গত ২২ নভেম্বর বিকেলে চট্টগ্রাম সফরকালে নগরের চকবাজার প্যারেড মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এখন স্থানীয় নির্বাচনের কথা বলছি না। কারণ এটা সম্ভব নয়। আমরা অবাস্তব কোনো দাবিতে বিশ্বাস করি না। আমরা আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।

এছাড়াও, মূলধারার সংবাদমাধ্যম ‘সমকাল’ ও ‘দেশ রূপান্তর’ এর ওয়েবসাইটেও এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে একইরকম তথ্য জানা যায়।

অর্থাৎ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেননি যে, ‘বাংলাদেশের নির্বাচনের সময় আমরা গণহত্যা চালাব’। প্রকৃতপক্ষে তিনি বলেছেন, ‘আগেই বলেছি নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’।

উল্লেখ্য, নভেম্বরে সম্ভব না হলে জাতীয় নির্বাচনের আগে যেকোনো সময়ে গণভোট আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ৬ নভেম্বর বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট হতে হবে। এ বিষয়ে আমরা একমত। সংসদ নির্বাচনের আগে কোনো গণভোট হতে দেওয়া হবে না।’

সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের বলা, ‘নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে’ শীর্ষক মন্তব্যকে বিকৃত করে ‘বাংলাদেশের নির্বাচনের সময় আমরা গণহত্যা চালাব’ শীর্ষক মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: