নির্বাচন নিয়ে ড.ইউনূস ও তারেক রহমানের গোপন সমঝোতা চুক্তি নিয়ে মাহমুদুর রহমানের নামে ভুয়া উক্তি প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ছবি সংযুক্ত করে মাহমুদুর রহমানের মন্তব্য দাবিতে প্রচার করা হয়েছে, ‘লন্ডনে বসে ডক্টর ইউনুস ও তারেকের গোপন সমঝোতা চুক্তি, ৬৪ জেলায় কট্টর বিএনপি পন্থি ডিসি এসপির মাধ্যমে কেন্দ্র দখল, ফলাফল কারসাজি, হেরে যাওয়া প্রার্থী কে বিজয় ঘোষণা, করে, বিএনপির হাতে খমতা তুলে দিবে ডক্টর ইউনুস’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ড.ইউনূস ও তারেক রহমানের গোপন সমঝোতা চুক্তি নিয়ে প্রচারিত এরূপ কোনো মন্তব্য দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান করেননি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রচারিত পোস্টে নানা বানানগত ভুল দেখা যায় যেমন: ‘ক্ষমতা’কে ‘খমতা’ লেখা হয়েছে। এছাড়াও বিরামগত ত্রুটিও লক্ষ্য করা যায় যা থেকে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত পোস্টটি কোনো মূলধারার গণমাধ্যমে প্রচার করা হয়নি।
পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পাশাপাশি, মাহমুদুর রহমানের সম্পাদনা করা পত্রিকা ‘দৈনিক আমার দেশ’ এর ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে মাহমুদুর রহমান এরূপ কোনো মন্তব্য করে থাকলে তা উপরোল্লিখিত যেকোনো সূত্রে পাওয়া যেত৷
সুতরাং, আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ড. ইউনূস ও তারেক রহমানের গোপন সমঝোতা চুক্তিতে অবৈধভাবে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়া হবে শীর্ষক মন্তব্য দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান করেছেন শীর্ষক দাবি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis

