জামায়াত নয়, বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন এনামুল হক মোল্লা

সম্প্রতি “গাজীপুর-৩ আসন এর জামায়াতের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এনামুল হক মোল্লা অস্ত্রসহ গ্রেফতার” শীর্ষক দাবিতে একটি ছবি সম্বলিত পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে।
একই দাবির ইনস্টাগ্রাম পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এনামুল হক মোল্লা জামায়াতে ইসলামী থেকে নয় বরং বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে একই ছবির সন্ধান পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গাজীপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এনামুল হক মোল্লাহকে (৪৮) অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী। ০৬ নভেম্বর দিবাগত রাতে তাকে আটক করা হয়।
সমকাল বলছে, এনামুল হক মোল্লা গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মিছফালাহ শাখা বিএনপির সভাপতি। বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন তিনি। পোস্টার ও ব্যানারে পুরো এলাকা ছেয়ে ফেলেন। শেষ পর্যন্ত তিনি মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেন।
একই প্রতিবেদনে বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মন্তব্য উল্লেখ রয়েছে। তিনি বলেন, ‘এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।”
জাতীয় দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে তিনি গত পাঁচ মাস গণসংযোগ করেছেন। একই প্রতিবেদনে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মোতালেবের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, ‘এনামুল কখনো বিএনপির রাজনীতি করেননি। তিনি হঠাৎ দেশে এসে ভুয়া রাজনৈতিক পরিচয় দিয়েছেন। আমার জানামতে, তিনি মক্কায় এলডিপির রাজনীতি করতেন। এ ছাড়া দেশে তাঁর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে। আমাদের দলে সন্ত্রাসী কর্মকাণ্ডের স্থান নেই।’
এদিকে এনামুল হক মোল্লার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে, তিনি অ্যাকাউন্টে পরিচিতি অংশে নিজেকে ‘সভাপতি-বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মক্কা মেসফালাহ সউদী আরব’ বলে পরিচয় দিয়েছেন।

পরবর্তী অনুসন্ধানে অন্যান্য গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, গাজীপুরে আটক এনামুল হক মোল্লা বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হলেও তাকে জামায়াতের মনোনয়ন প্রত্যাশী দাবিতে ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

