‘জামায়াত নেতার ঘরে তেল আছে’ বলে মন্তব্য করেননি জ্বালানি মন্ত্রী 

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘তেলের যন্ত্রনায় আমি ঘুমাতে পারছি না এত তেল গেল কোথায়। জামায়াত নেতার ঘরে তেল আছে নেতাকর্মীদের বলছি চেক করতে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি ইকবাল হাসান মাহমুদ টুকু করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের তৈরি ফটোকার্ড সম্পাদনা করে তার নামে ওই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ এর লোগোর আদলে তৈরি ‘আশার আলো’ নামের একটি ফেসবুক পেজে গত ২৫ মার্চ আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। যা পরবর্তীতে কিছু অংশ সংযুক্ত করে প্রচার করা হয়েছে। আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘আশার আলো’ এর লোগো রয়েছে।

‘আশার আলো’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘এই পৃষ্ঠাটি বিনোদনমূলক সংবাদ বিন্যাসে ভাইরাল এবং ট্রেন্ডিং বিষয়গুলি প্রকাশ করে। প্রচার করা পোস্ট গুলো ভালো লাগলে শেয়ার করে আমাদের পরিবারের সাথেই থাকুন।’ (অনূদিত) এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

অর্থাৎ, মূল ফটোকার্ডে থাকা মন্তব্যটিও করেননি ইকবাল হাসান মাহমুদ টুকু।

সুতরাং, ইকবাল হাসান মাহমুদ টুকু ‘তেলের যন্ত্রনায় আমি ঘুমাতে পারছি না এত তেল গেল কোথায়। জামায়াত নেতার ঘরে তেল আছে নেতাকর্মীদের বলছি চেক করতে’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: