জেফরি এপস্টিন ছিলেন একজন ধনী আমেরিকান বিনিয়োগকারী এবং দোষী সাব্যস্ত যৌন অপরাধী। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে গড়ে তোলা উচ্চপর্যায়ের যোগাযোগকে কাজে লাগিয়ে তিনি কিশোরী মেয়েদের যৌন নির্যাতন ও পাচারের সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে ফেডারেল যৌন পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে, বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আগেই নিউইয়র্কের একটি কারাগারে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এপস্টিনের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক এবং নানা ষড়যন্ত্র তত্ত্বের জন্ম হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আনুষ্ঠানিকভাবে জানায়, এপস্টিন আত্মহত্যা করেছেন। এপস্টিন-সংক্রান্ত নথি আগেও বিভিন্ন সময়ে সীমিত পরিসরে প্রকাশিত হয়েছিল। তবে ২০২৬ সালে ‘এপস্টিনফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট’-এর আওতায় যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ যাবৎকালের সবচেয়ে বড় পরিসরের নথি প্রকাশ করে। এতে প্রায় ৩৫ লাখ পৃষ্ঠার নথি, দুই হাজারেরও বেশি ভিডিও এবং প্রায় এক লাখ আশি হাজার ছবি অন্তর্ভুক্ত রয়েছে। এপস্টিন-সংক্রান্ত এই বিশাল তথ্যভাণ্ডারই পরিচিত ‘এপস্টিনফাইলস’ নামে। এসব নথি প্রকাশের পর বিশ্বব্যাপী তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। এপস্টিন ফাইলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার কোলে বসে আছে একটি শিশুর ছবি প্রচার করে দাবি করা হচ্ছে– এটি এপস্টিন ফাইলস ঘটনার সাথে সম্পর্কিত।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি জেফরি এপস্টিনের দ্বীপে নয় এবং উক্ত ছবির সাথে এপস্টিন ফাইলস ঘটনার সাথেও সম্পর্কিত নয়। প্রকৃতপক্ষে, প্রচারিত ছবিটি ২০১৫ সালের ডিসেম্বরে ওয়াশিংটন ডিসিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাতিজি সাভিতা এনজির সাথে তোলা ছবি।
অনুসন্ধানে ছবি সংরক্ষণকারী প্রতিষ্ঠান Alamy এর ওয়েবসাইটে ২০১৫ সালের ০৪ ডিসেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে।

অ্যালামিতে উক্ত ছবিটি সম্পর্কে বলা হয়েছে, ২০১৫ সালের ০৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের ওভাল অফিসে তার বোন মায়া সোয়েতোরো-এনজি ও তার পরিবারের সফরের সময় ভাতিজি সাভিতা এনজিকে আদর করার সময়কার ছবি এটি।
একই তথ্যে উক্ত ছবিটি প্রকাশ করেছে Flickr এবং Imago.
অর্থাৎ, ছবিটি জেফরি এপস্টিনের দ্বীপে কিংবা এপস্টিন ফাইলস এর সাথে সম্পর্কিত নয়।
সুতরাং, ২০১৫ সালে ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে বারাক ওবামার ভাতিজিকে আদর করার ছবিকে সম্প্রতি এপস্টিন ফাইলস ইস্যুতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।


