তারেক রহমানকে নিয়ে তার কন্যা জাইমা রহমানের মন্তব্য দাবিতে কালবেলার নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে উদ্ধৃত করে “এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে বাবা গ্রেফতার হলে, আমরাও বাবার সাথে গ্রেফতার হতে চাই” শিরোনামে মূলধারার গণমাধ্যম কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে বাবা গ্রেফতার হলে, আমরাও বাবার সাথে গ্রেফতার হতে চাই’ শিরোনামে কালবেলাও কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি এবং জাইমা রহমানও এমন কোনো মন্তব্য করেননি। বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালবেলার একটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কালবেলার লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৮ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
কালবেলার লোগো ও ফটোকার্ড প্রকাশের তারিখের সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে সাম্প্রতিক সময়ে প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, কালবেলার ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির পক্ষে কোনো সংবাদ বা ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে গত ১৬ জুন গণমাধ্যমটির ফেসবুক পেজে “মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে নামার সময় জানালেন সাত্তার” শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন ও ফটোকার্ডে ব্যবহৃত ছবির হুবহু মিল রয়েছে। কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে নামার সময় জানালেন সাত্তার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে বাবা গ্রেফতার হলে, আমরাও বাবার সাথে গ্রেফতার হতে চাই,- জাইমা রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো সংবাদমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে বাবা গ্রেফতার হলে, আমরাও বাবার সাথে গ্রেফতার হতে চাই’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Kalbela: Facebook Post
- Kalbela: মেয়েকে নিয়ে দেশে ফিরছেন তারেক রহমান, বিমানবন্দরে নামার সময় জানালেন সাত্তার
- Kalbela: Website
- Kalbela News: YouTube

