সম্প্রতি, নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। গত ৩০ এপ্রিল ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা করেছেন। আজ (০৬ মে) ভোরে অভিযুক্ত আমান উল্লাহ সাগরকে গ্রেফতার করেছে র্যাব-১১।
এরই প্রেক্ষিতে, “দাড়ি কেটে, বোরকা পরে শেষ রক্ষা হল না অবশেষে গ্রেফতার সেই ধর্ষক” শীর্ষক তথ্যে বা শিরোনামে তিনটি ছবি যুক্ত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগর গ্রেফতার হওয়ার দাবিটি সঠিক হলেও দাঁড়ি কেটে বোরকা পরে থাকার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, উক্ত দাবিতে প্রচারিত ফটোকার্ডে থাকা বোরকা পরা ছবিটি ভিন্ন ব্যক্তির এবং উক্ত দাবিটি প্রথমে সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।
শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায় এটিতে দুইটি বোরকা পরা অবস্থার ছবি এবং একটি দাঁড়ি সহ টুপি পরে থাকা ব্যক্তির ছবি৷ অনুসন্ধানে ফটোকার্ডে থাকা মাঝের অর্থাৎ, দাঁড়িসহ টুপি পরা ছবিটি আমান উল্লাহ সাগরের ছবি হলেও দুই পাশে বোরকা পরে থাকা ছবিগুলো অভিযুক্ত সাগরের নয়।
অনুসন্ধানে আজকের পত্রিকার ওয়েবসাইটে গত বছরের ২৪ জুলাই “টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা, রোহিঙ্গা যুবক আটক” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ছবির সাথে আলোচিত ফটোকার্ডে থাকা বোরকা পরা ছবিগুলোর মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৩ জুলাই দিবাগত রাতে টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন চেকপোস্টে বোরকা পরে নারীর ছদ্মবেশে চলাফেরার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম রসিদ আহমদ (২৭)। তিনি টেকনাফের ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ফরিদ আহমদের ছেলে।
এছাড়া, জাতীয় দৈনিক যুগান্তর, সমকাল এবং চট্টগ্রামের স্থানীয় গণমাধ্যম দৈনিক আজাদী এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। অনুসন্ধানে ‘মবকন্ঠ। Mobkantha’ নামক একটি ফেসবুক পেজ থেকে আজ (০৬ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে ‘মবকন্ঠ। Mobkantha’ নামক ফেসবুক পেজটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি একটি সার্কাজম পেজ।

এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ভিন্ন ব্যক্তির ছবি যুক্ত করে দাড়ি কেটে, বোরকা পরে শেষ রক্ষা হল না অবশেষে গ্রেফতার সেই ধর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Post- ১২ বছরের মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা, জীবন নিয়ে শঙ্কা
- Ajker Patrika- টেকনাফে বোরকা পরে ছদ্মবেশে চলাফেরা, রোহিঙ্গা যুবক আটক
- Jugantor- বোরকা পরে রোহিঙ্গা শিবিরে ঢুকতে গিয়ে যুবক আটক
- Samakal- টেকনাফে বোরকা পরে ঘোরাফেরা, রোহিঙ্গা যুবক আটক
- Azadi- হিজাব ও বোরকা পরে যাচ্ছিলেন রোহিঙ্গা শিবিরে রশিদ, অতঃপর ধরা
- মবকন্ঠ। Mobkantha- Facebook Post
- মবকন্ঠ। Mobkantha- Facebook Page


