ভারতের বিধানসভা নির্বাচনের পর মুসলমানদের ঘরে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে বাংলাদেশের ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে রাজনৈতিক সহিংসতা। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে খুন, হামলা, ভাঙচুর এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এরই প্রেক্ষিতে নির্বাচনের পর ভারতের মুসলমানদের ঘরে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের মুসলমানদের ঘরে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এমন কোনো ঘটনার নয়, এমনকি প্রচারিত ভিডিওটি ভারতেরই নয়। প্রকৃতপক্ষে, গত ০৯ মার্চ সকালে বাংলাদেশের রাজবাড়ী জেলার বালিকান্দি উপজেলার বহরপুর বাজারে অবস্থিত পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে খান শামীম নামক একটি একটি ফেসবুক অ্যাকাউন্ট গত ০৯ মার্চ প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

উক্ত পোস্টের ক্যাপশন অনুযায়ী, প্রচারিত ভিডিওটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর মধ্য বাজারে আগুন লাগার দৃশ্য।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে গত ০৯ মার্চ “পাটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৯ মার্চ আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে পাটের গোডাউনে আগুন লেগে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে করতে গিয়ে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছিলেন।
তখন এ বিষয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেছিলেন, পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অর্থাৎ, ভিডিওটি ভারতের নয় বাংলাদেশে অগ্নিকাণ্ডের ঘটনার।
সুতরাং, বাংলাদেশে অগ্নিকাণ্ডের ভিডিওকে ভারতে মুসলমানদের ঘরে আগুন দেওয়ার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Khan Shamim- Facebook Post
- The Daily Campus- পাটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩ ফায়ার ফাইটার আহত

