‘আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে না’ মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা, সম্পাদিত ফটোকার্ড প্রচার

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে না’ শিরোনামে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমস এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উল্লেখিত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)
ফ্যাক্টচেক
রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নির্বাচন প্রসঙ্গে এমন কোনো মন্তব্য করেননি এবং বাংলাদেশ টাইমসও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলাদেশ টাইমস কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে অনলাইন গণমাধ্যম বাংলাদেশ টাইমসের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাদেশ টাইমসের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, বাংলাদেশ টাইমসের ফেসবুক পেজে গত ৩০ নভেম্বর ‘আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।
উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে বাংলাদেশ টাইমসের লোগো এবং পররাষ্ট্র উপদেষ্টার ছবির মিল রয়েছে, তবে শিরোনামে ভিন্নতা রয়েছে। আলোচিত ফটোকার্ডটিতে মূল শিরোনামের অধিকাংশ অংশ অপরিবর্তিত রেখে শেষাংশে অতিরিক্ত “না” শব্দ যুক্ত করা হয়েছে। এছাড়া, “না’ শব্দের ফন্ট ডিজাইনের সাথেও বাংলাদেশ টাইমসের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, বাংলাদেশ টাইমস এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত বাংলাদেশ টাইমসের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, “আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে”। তিনি বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের দায়ে সাজাপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়েও জানান। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। কারণ, বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ টাইমস ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতরাং, পররাষ্ট্র উপদেষ্টাকে উদ্ধৃত করে ‘আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হবে না’ শিরোনামে বাংলাদেশ টাইমস এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Bangladesh Times – Facebook Page
- Bangladesh Times – Website
- Bangladesh Times – YouTube Channel
- Bangladesh Times – Facebook Post
- Rumor Scanner’s own analysis

