সেনাবাহিনীর সাথে পাঞ্জাবি-টুপি পরিহিত ব্যক্তিটি রংপুরের কারারক্ষী 

সম্প্রতি, সেনাবাহিনীর সাথে পাঞ্জাবি-টুপি পরা অস্ত্র হাতে থাকা ব্যক্তিকে জঙ্গি সদস্য হিসেবে ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সেনাবাহিনীর সাথে পাঞ্জাবি-টুপি পরিহিত অস্ত্র হাতে থাকা ব্যক্তি জঙ্গি সদস্য নন। প্রকৃতপক্ষে, সেনাবাহিনীর সাথে পাঞ্জাবি-টুপি পরা অস্ত্র হাতে থাকা ব্যক্তিটি রংপুর কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত মো. মিজানুর রহমান।

অনুসন্ধানে জাতীয় দৈনিক ইত্তেফাকের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ আগস্ট প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩৫ সেকেন্ডে এক ব্যক্তিকে দেখা যায়। ওই ব্যক্তির সাথে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তির চেহারার, পোশাক সহ আনুষাঙ্গিক সবকিছুর মিল রয়েছে।

ইত্তেফাকের ভিডিও থেকে জানা যায়, ২০২৪ সালের ১৬ আগস্ট রংপুর জেলা কারাগারে কয়েদিরা বিদ্রোহ করে। সেই বিদ্রোহ ঠেকাতে কারাগারে কঠোর অবস্থানে যান আইনশৃঙ্খলা বাহিনী। তবে, এই ভিডিও থেকে পাঞ্জাবি ও টুপি পরা ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উক্ত ভিডিওটি এর আগে পার্বত্য এলাকার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছিল। তখন উক্ত ব্যক্তির পরিচয় জানতে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সাথে যোগাযোগ করেছিল রিউমর স্ক্যানার টিম। তখন তিনি বলেছিলেন, ‘এই ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি রংপুর কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।’

অর্থাই, ভিডিওতে থাকা ব্যক্তি জঙ্গি সদস্য নন।

সুতরাং, রংপুর কারাগারের কারারক্ষীকে সেনাবাহিনীর সাথে পাঞ্জাবি-টুপি পরিহিত অস্ত্র হাতে থাকা ব্যক্তিকে জঙ্গি সদস্য হিসেবে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: