সম্প্রতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের নয় বরং, উক্ত ভিডিওর মধ্যে থাকা একটি ভিডিও ছাত্রদলের বিক্ষোভ মিছিলের এবং একটি ভিডিও জামায়াতের বিক্ষোভ মিছিলের।
শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটিতে দুইটি ভিডিও রয়েছে। ভিডিও দুইটি আলাদা আলাদাভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম।
ভিডিও যাচাই– ১
অনুসন্ধানে ‘আজকের সংবাদ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২১ এপ্রিল প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

আজকের সংবাদ তাদের পোস্টের ক্যাপশনে বলেছেন, প্রচারিত ভিডিওটি চট্টগ্রামে হওয়া শিবির– ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের মিছিলের দৃশ্য।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে প্রথম আলোর ওয়েবসাইটে গত ২২ এপ্রিল প্রথম প্রহরে “চট্টগ্রামে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২১ এপ্রিল রাত সোয়া ১০ টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শাখা ছাত্রদল চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখন নিয়ে ছাত্রদলের নেতা–কর্মীসহ শিক্ষার্থীদের ওপর ইসলামী ছাত্রশিবিরের হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে।
ভিডিও যাচাই– ২
অনুসন্ধানে ‘আজকের সংবাদ’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ২৯ জানুয়ারি প্রচারিত একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর মিল রয়েছে।

আজকের সংবাদ তাদের পোস্টের ক্যাপশনে বলেছেন, শেরপুরে রেজাউল হত্যার প্রতিবাদে বিএনপির বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ মিছিলের ভিডিও এটি।
এছাড়া ভিডিওতে মিছিলের অগ্রভাগে থাকা ব্যানারেও লিখা রয়েছে, শেরপুরে রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের বিক্ষোভ মিছিল।
উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে বাংলাদেশের খবরের ওয়েবসাইটে গত ২৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৯ জানুয়ারি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল করেছিল ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বড় কোনো বিক্ষোভ মিছিল করার তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার একাধিক ভিডিও যুক্ত করে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- আজকের সংবাদ- Facebook Post
- আজকের সংবাদ- Facebook Post
- Prothom Alo- চট্টগ্রামে ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- Bangladesher Khabar- হত্যা ও নারী কর্মীদের হেনস্তার অভিযোগে বিএনপির বিরুদ্ধে জামায়াতের বিক্ষোভ


