ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গ্রেফতারের এই ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর রিউমর স্ক্যানারকে এই তথ্য নিশ্চিত করেছে। ফয়সালের সঙ্গে এই হত্যাকাণ্ডের অপর এক অভিযুক্ত আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কতিপয় গণমাধ্যমে উক্ত দুইজনকে গ্রেফতারের দৃশ্য দাবিতে দুইটি ছবি ও একটি ভিডিও প্রচার করা হচ্ছে।

উক্ত ছবি সংবলিত গণমাধ্যমের প্রতিবেদন দেখুন যুগান্তর, ইত্তেফাক, একাত্তর টিভি, এটিএন বাংলা, আমার দেশ, ইনকিলাব, মানবকণ্ঠ, প্রতিদিনের সংবাদ, আমাদের সময়, ভোরের কাগজ, ঢাকা প্রকাশ, সারাবাংলা, ঢাকা মেইল, ডেইলি এশিয়ান এইজ, ডেইলি সান, এমটিনিউজ২৪, আপন দেশ, আলাপ, খোলা কাগজ, খবরের কাগজ

কতিপয় গণমাধ্যম ছবিটি প্রকাশ করে পরবর্তীতে সরিয়ে নিয়েছে। এই তালিকায় আছে আজকের পত্রিকা, সময়ের আলো৷

একাধিক পত্রিকার আজকের ছাপা পাতায়ও একই ছবি প্রকাশিত হয়েছে। এই তালিকায় আছে যুগান্তর, সমকাল, ডেইলি সান, জনকণ্ঠ ও কুমিল্লার কাগজ।

একই ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

একই ছবি সংবলিত কনটেন্ট দেখুন এক্স, ইউটিউব, টিকটকে

দ্বিতীয় আরেকটি ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে।

একই দাবির ভিডিও দেখুন ফেসবুক, টিকটকে।

ফ্যাক্টচেক

উমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গ্রেফতারের এই ছবি-ভিডিও আসল নয়। প্রকৃতপক্ষে, এআই এর মাধ্যমে এই ছবি-ভিডিওগুলো তৈরি করে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভারতের বার্তা সংস্থা এএনআই এর এক্স হ্যান্ডেলে ০৮ মার্চ সন্ধ্যায় ভারতীয় পুলিশের এ সংক্রান্ত প্রেস রিলিজের একটি ছবি পাওয়া যায়। প্রেস রিলিজে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়৷ তবে গ্রেফতারকালীন সময়ের কোনো ছবি বা ভিডিও সংযুক্ত ছিল না প্রেস রিলিজে।

ভারতীয় গণমাধ্যমগুলোর এ সংক্রান্ত খবর পর্যালোচনা করেও এ সংক্রান্ত কোনো ছবি-ভিডিও পাওয়া যায়নি৷ ভারতের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টারদের (পুলিশ বিট কাভার করেন এমন সাংবাদিকসহ) সাথে কথা বলে রিউমর স্ক্যানার জানতে পেরেছে, পুলিশ প্রেস রিলিজটির বাইরে এখন পর্যন্ত আর কোনো তথ্য বা ফুটেজ প্রকাশ করেনি।

অর্থাৎ, শুধু গ্রেফতারের খবরটি ছাড়া ভারতীয় পুলিশ মারফত এখন পর্যন্ত মাসুদ ও আলমগীরের কোনো ফুটেজ প্রকাশ করা হয়নি।

বাংলাদেশের জাতীয় দৈনিক যুগান্তর নিজেদের তোলা দাবি করে ০৮ মার্চ রাত নয়টা ৪৭ মিনিটে ছবিটি তাদের প্রতিবেদনে প্রকাশ করলেও এরও প্রায় ঘন্টাখানেক পূর্বে থেকেই ছবিটি অনলাইনে ছড়াতে দেখেছে রিউমর স্ক্যানার৷

এছাড়া, ভারতীয় গণমাধ্যম আজতকের লোগো রয়েছে এমন একটি ছবিও প্রচার হচ্ছে, যাতে মাসুদ ও আলমগীরের গ্রেফতারকালীন সময়ের দৃশ্য হিসেবে দাবি করা হচ্ছে। যাচাইয়ে, আজতকে এমন ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।

প্রচারিত এই দুই ছবি পরবর্তীতে গুগলের জেমিনির এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডির (SynthID) মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। জেমিনি জানায়, ছবি দুইটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।

গুগলের সিন্থআইডি (SynthID) প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। গুগলের দাবি, কনটেন্ট তৈরি হওয়ার মুহূর্তেই এই ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা ফ্রেম রেট পরিবর্তনের মতো সম্পাদনার পরও এটি টিকে থাকে। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলেই সিন্থআইডি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।

প্রচারিত ভিডিওটির সূত্রপাতের বিষয়ের অনুসন্ধান অনুসন্ধানে ‘Sesh Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল (০৮ মার্চ) রাতে এ সংক্রান্ত প্রথম ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

‘Sesh Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির বায়োতে লেখা রয়েছে ‘এই পেইজের সকল ভিডিও এআই নির্মিত, এই পেইজের কোন পোস্ট কেউ সিরিয়াস ভাবে নিবেন না, সমসাময়িক ঘটনা গুলো এ আই এর মাধ্যমে তুলে ধরা হয়।’

অর্থাৎ, এটি একটি সার্কাজম পেজ।

পরবর্তীতে, আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে তৈরি কিনা সে বিষয়ে যাচাই করে রিউমর স্ক্যানার। এআই কনটেন্ট শনাক্তকারী টুলস ‘ডিপফেক-ও-মিটার’ এর ‘XCLIP (2022)’ এর বিশ্লেষণে দেখা যায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ।

সুতরাং, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গ্রেফতারের এই ছবি-ভিডিও এআই জেনারেটেড।

তথ্যসূত্র

  • ANI: X Post
  • Gemini AI Detection
Share: