ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ভারতে গ্রেফতার হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর রিউমর স্ক্যানারকে এই তথ্য নিশ্চিত করেছে। এরই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ ও ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমার একসাথে তোলা ছবি দাবিতে একটি ছবি প্রচার করা হচ্ছে।

উক্ত ছবি সংবলিত ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
একই দাবির টিকটক পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফয়সাল করিম মাসুদের সাথে ফাতিমা তাসনিম জুমার এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই এর মাধ্যমে এই ছবি তৈরি করে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত বছরের ১৭ ডিসেম্বরও একই ছবির খোঁজ পাওয়া যায় ফেসবুকে। সে সময় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসু ফেসবুকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেন, “স্কুলের বাথরুমের দরজায় লেখা থাকতো-জুমা + শ্যুটার ফয়সাল।”

পরবর্তী অনুসন্ধানে ১৫ ডিসেম্বর আল জাজিরার প্রবাসী বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক পোস্টে সমজাতীয় আরেকটি ছবি পাওয়া যায়, যাতে মাসুদকে দেখা গেলেও জুমার স্থলে মাসুদের সহযোগী আলমগীরকে দেখা যায়।

সায়ের তার পোস্টে জানান, ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ১২ ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করার পর জাহাঙ্গীর কবির নানকের পিএস মো. মাসুদুর রহমান বিপ্লব, ফয়সাল করিম মাসুদকে এই ভারতীয় নম্বরটি জোগাড় করে দেন বলে বিশেষ গোয়েন্দা সূত্রে জানা যায়। +৯১৬০০১৩৯৪০**। এই নম্বরটি ব্যবহার করে ১২ ডিসেম্বর রাতে কয়েকটি নম্বরে নিজেদের এই সেলফি পাঠান ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।
বর্তমানে প্রচারিত ছবিটি গুগলের জেমিনির এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডির (SynthID) মাধ্যমে ছবিটি পরীক্ষা করে রিউমর স্ক্যানার। জেমিনি জানায়, ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।

গুগলের সিন্থআইডি (SynthID) প্রযুক্তি এআই দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। গুগলের দাবি, কনটেন্ট তৈরি হওয়ার মুহূর্তেই এই ওয়াটারমার্ক যুক্ত হয় এবং ক্রপ করা, ফিল্টার প্রয়োগ বা ফ্রেম রেট পরিবর্তনের মতো সম্পাদনার পরও এটি টিকে থাকে। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে জিজ্ঞেস করলেই সিন্থআইডি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।
সুতরাং, ফয়সাল করিম মাসুদের সাথে জুমার এই ছবি এআই জেনারেটেড।
তথ্যসূত্র
- Zulkarnain Saer: Facebook Post
- Gemini AI Detection


