এই মুহূর্তে আমরা জামায়াতের থেকে অনেক গুন বেশি শক্তিশালী শীর্ষক মন্তব্য ফয়জুল করিম করেননি

সম্প্রতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ‘এই মুহুর্তে আমরা জামায়াতের থেকে অনেক গুন বেশি শক্তিশালী’ শীর্ষক মন্তব্য করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামীকে জড়িয়ে ফয়জুল করিম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে ‘Janata tv’ নামের একটি লোগো দেখা যায়। এই সূত্র ধরে ‘আশার আলো’ নামক ফেসবুক পেজে গত ১৫ জানুয়ারি বিকেল ০৩ টা ০২ মিনিটে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির হুবহু মিল রয়েছে।

তবে, উক্ত পোস্টে কোনো সূত্র উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে,‘আশার আলো’ পেজটির পরিচিতি অংশ থেকে জানা যায়, এই পেজটি বিনোদনের উদ্দেশ্যে পরিচালনা করা হয়। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।

পাশাপাশি, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট বিশ্বস্ত কোনো সূত্রেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ফয়জুল করিম “এই মুহুর্তে আমরা জামায়াতের থেকে অনেক গুন বেশি শক্তিশালী” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- আশার আলো: Facebook Post
- আশার আলো: Facebook Page

