সম্প্রতি মেটার অ্যাড লাইব্রেরিতে সেনা কল্যাণ সংস্থার নাম ব্যবহার করে তৈরি একাধিক ফেসবুক পেজ থেকে বিভিন্ন ভোগ্যপণ্য ৫০% মূল্য ছাড়ে বিক্রির বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে।

সেনা কল্যাণ সংস্থার নামে তৈরি এমন পেজ দেখেন: এখানে, এখানে।
এসব পেজ থেকে প্রচারিত পণ্যের বিজ্ঞাপন দেখুন: এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ৫০% মূল্যছাড়ে পণ্য বিক্রির দাবিতে প্রচারিত এসব বিজ্ঞাপন সেনা কল্যাণ সংস্থা প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সংস্থাটির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, মেটা অ্যাড লাইব্রেরিতে প্রতিবেদন লেখার সময় অন্তত দুটি ফেসবুক পেজ থেকে চারটি বিজ্ঞাপন সক্রিয় ছিল। এসব বিজ্ঞাপনে ৫০% ছাড়ে বিভিন্ন ভোগ্যপণ্য বিক্রির দাবি করা হয়েছে। উদাহরণস্বরূপ, ৫ লিটার সয়াবিন তেলের মূল্য ৫০% ছাড়ে ৫০০ টাকা উল্লেখ করা হয়েছে। তবে একাধিক ই-কমার্স ওয়েবসাইটের তথ্য (১, ২) অনুযায়ী, ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৯৫০ টাকারও বেশি।
উভয় পেজেই একটি করে যোগাযোগ নম্বর দেওয়া রয়েছে। পরিচয় গোপন রেখে পণ্য কেনার আগ্রহ প্রকাশ করলে একটি নম্বর থেকে সাড়া পাওয়া যায়। সেখানে একটি বিকাশ (01810781439) ও একটি নগদ (01836891777) নম্বর দিয়ে জানানো হয়, সর্বনিম্ন ২ হাজার টাকার পণ্য অর্ডার করতে হবে এবং মোট মূল্যের ২০ শতাংশ অগ্রিম পরিশোধের মাধ্যমে অর্ডার নিশ্চিত করতে হবে।
এছাড়া, একটি পেজের রিভিউ সেকশনে ‘Mahbubul Alam’ নামের একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “আমার সঙ্গে প্রতারণা করেছে, ওরা বাটপার। লেনদেন করবেন না।”
তিনি রিউমর স্ক্যানারকে জানান, “আমি সর্বমোট ৩,০১০ টাকার পণ্য অর্ডার করেছিলাম। নিয়ম অনুযায়ী আমি মোট টাকার ২০% অগ্রিম পরিশোধ করি। এরপর ডেলিভারি ম্যান আমাকে ফোন করে বলেন যে, বাকি টাকাও বিকাশের মাধ্যমে পাঠাতে হবে। তিনি জানান, টাকা পাঠানোর পর একটি কোড আসবে এবং সেই কোডটি তাকে বললে তবেই তিনি ডেলিভারি দেবেন। তার কথা বিশ্বাস করে আমি বাকি সম্পূর্ণ টাকা বিকাশে পাঠিয়ে দিই।কিন্তু টাকা পাঠানোর পর ডেলিভারি ম্যান আমাকে বলেন, ‘আপনি তো সেন্ড মানি করেছেন, আপনি নিয়ম বুঝতে পারেননি। খরচসহ আপনাকে আবার পুরো টাকা পাঠাতে হবে। এরপর আপনার আগের পাঠানো টাকাসহ পণ্য ডেলিভারি দেওয়া হবে।’ আমি তখন আর টাকা পাঠাতে পারিনি এবং তাদের জানাই যে আমার পক্ষে নতুন করে টাকা পাঠানো সম্ভব নয়। তখন তারা সাফ জানিয়ে দেয় যে, তারা পণ্য ডেলিভারি দিতে পারবে না। এরপর থেকেই তারা আমার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে।”
সেনা কল্যাণ সংস্থার সঙ্গে এসব পেজের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে সামাজিক যোগাযোগমাধ্যম অংশে একটি নির্দিষ্ট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। আলোচিত পেজগুলো সেখানে নেই। বরং অফিসিয়াল ফেসবুক পেজে গত ৩ মে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, সেনা কল্যাণ সংস্থার নাম ও লোগো ব্যবহার করে প্রতারক চক্র ভুয়া ফেসবুক আইডি ও ওয়েবপেজ খুলে নকল পণ্য বিক্রিসহ বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছে। সেখানে আরও উল্লেখ করা হয়, সংস্থাটি ফেসবুক পেজ বা ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি কোনো পণ্য বিক্রি করে না এবং এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য গ্রাহকদের অনুরোধ জানানো হয়।
সুতরাং, সেনা কল্যাণ সংস্থার নামে ৫০% মূল্যছাড়ে পণ্য বিক্রির প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে প্রচারিত এসব বিজ্ঞাপন প্রতারণামূলক।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Sena Kalyan Sangstha – Facebook Post


