আবু সাঈদের ছবি যুক্ত ৫০০ টাকার নোট দাবিতে ভুয়া ব্যাংক নোটের ছবি প্রচার

সম্প্রতি, বাংলাদেশের নতুন ৫০০ টাকার ব্যাংক নোট দাবিতে আবু সাঈদের ছবি সংবলিত একটি নোটের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। প্রচারিত পোস্টটিতে দাবি করা হয়, পোস্টটি প্রচারের অর্থাৎ, ৩ ডিসেম্বরের পরদিন থেকে আলোচিত এই ৫০০ টাকার নোটটি বাজারজাত করা হবে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আবু সাঈদের ছবি যুক্ত ৫০০ টাকার নতুন ব্যাংক নোট দাবিতে প্রচারিত নোটের ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এমন কোনো নোট বাস্তবে নেই। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ৫০০ টাকার নতুন নোটে কেন্দ্রীয় শহীদ মিনার এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি রয়েছে।

আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে জানা যায়, গত ৪ ডিসেম্বর নতুন একটি ৫০০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়া হয়। তবে উক্ত ৫০০ টাকার ব্যাংক নোটের ডিজাইনের সাথে আলোচিত ৫০০ টাকার নোটের কোনো মিল পাওয়া যায়নি। ৪ ডিসেম্বর বাজারে আসা ৫০০ টাকার নোটের একপাশে কেন্দ্রীয় শহীদ মিনার এবং অপরপাশে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি দেখতে পাওয়া যায়। যা আলোচিত ৫০০ টাকার নোট থেকে একদমই ভিন্ন। অনুসন্ধানে উক্ত নোটটি ব্যতীত গত ৪ ডিসেম্বর ভিন্ন কোনো ডিজাইন সংবলিত ৫০০ টাকার নোট বাজারে ছাড়ার তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট পর্যালোচনার মাধ্যমে ১৯৭৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিটি ৫০০ টাকার নোট পর্যালোচনা করেও আবু সাঈদের ছবি সংবলিত কোনো ৫০০ টাকার নোটের সন্ধান পাওয়া যায়নি।

এছাড়াও, আলোচিত দাবিতে প্রচারিত ৫০০ টাকার নোটটি পর্যালোচনা করলে নোটটিতে বেশ কয়েকটি অসঙ্গতি দেখা যায়। নোটটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাতে অস্বাভাবিকতা রয়েছে। পাশাপাশি সিরিয়াল নম্বর এবং ছবির দুই পাশে অস্বাভাবিক শূন্যস্থানও লক্ষ্য করা যায়।

ছবিটি এআই প্রযুক্তির সহায়তা তৈরি কিনা সেটি যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Deepfake-O-Meter এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯২.৫২ শতাংশ। তাই ধারণা করা যাচ্ছে আলোচিত নোটটির ছবিটি এআই অথবা ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।

সুতরাং, আবু সাঈদের ছবি সংবলিত নতুন ৫০০ টাকার ব্যাংক নোট বাজারে ছাড়া হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: