পুলিশ হত্যার তদন্ত হলে দেশত্যাগ করা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি আব্দুল হান্নান মাসউদ

গত ২৫ ফেব্রুয়ারি জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার এক প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ যে ঘটনাগুলো ঘটেছে সেসব ঘটনা তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের ছবি সংযুক্ত করে তৈরি এক ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘পুলিশ হত্যার তদন্ত করে আমাদের দেশত্যাগ করতে বাধ্য করবেন না’। সমজাতীয় দাবির আরেকটি ফটোকার্ডে লেখা হয়েছে, ‘পুলিশ হ/ত্যার তদন্ত শুরু হলে এমপি থেকে পদত্যাগ করে দেশত্যাগ করবো: হান্নান মাসুদ এমপি’

প্রথম দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

দ্বিতীয় দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে। একই দাবির পোস্ট দেখুন টিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, পুলিশ হত্যার তদন্ত হলে দেশত্যাগ করা প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। প্রকৃতপক্ষে, দুইটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে উক্ত দাবিগুলোতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবিগুলোর সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিগুলোর সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। মাসুদের ফেসবুক প্রোফাইলেও এ সংক্রান্ত কোনো পোস্ট পাওয়া যায়নি।

প্রথম ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘NewsTime TV’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

দ্বিতীয় ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘GojobVision’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২৭ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘NewsTime TV’ এবং ‘GojobVision’ পেজ দুইটি পর্যবেক্ষণ করলে পেজটগুলো স্যাটায়ার বা প্যারোডিধর্মী পেজ হিসেবে উল্লেখ পাওয়া যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টগুলো মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, পুলিশ হত্যার তদন্ত হলে দেশত্যাগ করা প্রসঙ্গে মন্তব্য করেছেন আব্দুল হান্নান মাসউদ শীর্ষক দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: