আজ ৫ জুলাই, ২০২৪ সালের এই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তীতে সরকারবিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। ছাত্র-জনতার সেই অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আন্দোলনের প্রায় দুইবছর পর এবার জুলাই মাস শুরু হতে না হতেই আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা #julycdi ক্যাম্পেইন শুরু করেন ফেসবুকে।
এমন প্রেক্ষাপটে সম্প্রতি, আন্দোলনে অংশ নেওয়া Faria Tabassum নামের এক তরুণী জুলাই আন্দোলনে অংশ নেওয়ায় আক্ষেপ প্রকাশ করে “জীবনের সবচেয়ে বড় ভুল করেছি, জুলাই নামক প্রতারণার আন্দোলন করে। তাই, #julycdi” শীর্ষক পোস্ট করেছেন দাবিতে একটি তথ্য ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ফারিয়া তাবাসসুম নামের জুলাই যোদ্ধার (জুলাই অভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী) অভ্যুত্থানে অংশগ্রহণ নিয়ে আক্ষেপ প্রকাশ করে julycdi হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দেওয়ার দাবিটি ভুয়া। প্রকৃতপক্ষে, ভিন্ন তরুণীর ছবি ব্যবহার করে ভুয়া নাম দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে আলোচিত পোস্টটি করা হয়। যেটিকে পরবর্তীতে ভিন্ন ভিন্ন ফেসবুক পেজ থেকে প্রচার করা হয়।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে Faria Tabassum নামের ফেসবুক আইডিতে গত ৩ জুলাই করা আলোচিত পোস্টটির সন্ধান পাওয়া যায়।

পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালের ১ অক্টোবর অ্যাকাউন্টটি খোলা হয়েছে। সেসময় থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকাউন্টটি একই নারীর ছবি প্রচার করা হলেও ফেব্রুয়ারির ২ তারিখ থেকে প্রোফাইলটিতে আওয়ামী লীগের হয়ে প্রচারণা করা শুরু হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে অ্যাকাউন্টটিতে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচারণা করতে দেখা যায়। যারই অংশ গত ৩ জুলাইয়ের পোস্টটি। যদিও অ্যাকাউন্টটি ২০২৪ সালের প্রায় দেড় বছর পর খোলা হয়েছে তবুও অ্যাকাউন্টটিতে জুলাই অভ্যুত্থানের পক্ষে কোনো পোস্ট লক্ষ্য করা যায়নি।
তাই অ্যাকাউন্টে ব্যবহৃত নারীর ছবিগুলোর বিষয়ে অনুসন্ধান চালায় রিউমর স্ক্যানার। প্রায়শই বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে ভিন্ন নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নিদির্ষ্টি রাজনৈতিক দলে পক্ষে প্রচারণা চালাতে দেখা যায়। উক্ত ছবিগুলোতে দেখতে পাওয়া নারীর ক্ষেত্রে এমনটি হতে পারে এমন সন্দেহ থেকে অনুসন্ধানে Abdullah Hil Baki নামের একটি অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে ফারিয়া তাবাসসুম নামের কথিত জুলাই যোদ্ধার অ্যাকাউন্টে করা পোস্টটি শেয়ার করে বাকি দাবি করেন, এই অ্যাকাউন্টটি ভুয়া। ভিন্ন এক তরুণীর ছবি ব্যবহার করে এই অ্যাকাউন্টটি তৈরি করে আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।

পরবর্তীতে অনুসন্ধানে Subha Naz Showkat নামের এক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১৮ জুলাই প্রচারিত একটি পোস্টে আলোচিত ছবিটি প্রচারিত হতে দেখা যায়।

পোস্টটি ওই নারী জুলাইয়ের স্মৃতিচারণ করে করেন বলেও লক্ষ্য করা যায় শিরোনামটি থেকে। এছাড়াও উক্ত অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা যায়, ছবিগুলো মূলত সোভা নামের এই নারীরই। অ্যাকাউন্টটিতে ২০২১ সালে প্রকাশিত তার এইচএসসি পরীক্ষার ফলাফলের একটি রেজাল্ট শীটের ছবিও পাওয়া যায়।
এর আগেও তার ছবি ব্যবহার করে ভুয়া আইডি খোলার বিষয়ে তার করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। সাধারণত পাবলিক প্রোফাইলের ফেসবুক অ্যাকাউন্ট থেকে নারীদের ছবি ব্যবহার করে বিভিন্ন সময় ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেখেছে রিউমর স্ক্যানার। উক্ত নারীর ক্ষেত্রে একইটি ঘটেছে বলে লক্ষ্য করা যায়।
আলোচিত এই অ্যাকাউন্টটির বিষয়ে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে Faria Tabassum অ্যাকাউন্টটি ভুয়া নিশ্চিত করে জানান, আমরা বেশ কয়েকবার অ্যাকাউন্টটি রিপোর্ট করেছি তবুও কোনো লাভ হয়নি। পাশাপাশি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেও কোনো ফলাফল পাওয়া যায়নি বলেও রিউমর স্ক্যানারকে জানান তিনি।
সুতরাং, ফারিয়া তাবাসসুম নামের কথিত জুলাই যোদ্ধা julycdi হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করেছে দাবিতে ভিন্ন নারীর ছবি ব্যবহার করে তৈরিকৃত ভুয়া অ্যাকাউন্টের পোস্ট প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।


