‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী করার দাবি ইসলামি আন্দোলন বাংলাদেশের’ শীর্ষক আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা বা জোটের বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বেশ অনেকদিন ধরেই আলোচনা চলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ছবি সংযুক্ত করে ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মুফতি ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী করার দাবি ইসলামি আন্দোলন বাংলাদেশের’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মুফতি ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী করার দাবি ইসলামি আন্দোলন বাংলাদেশের’ শিরোনামে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১৪ জানুয়ারি, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্য লক্ষ্য করা যায়।

এ থেকে নিশ্চিত হওয়া যায় যে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

তাছাড়া, এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলে আসন সমঝোতা নিয়ে গত কয়েক দিনের টানাপোড়েনের পর গত ১৬ জানুয়ারি সংবাদ সম্মেলন করে এককভাবে নির্বাচনের ঘোষণা দেয় ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সুতরাং, ‘১১ দলীয় জোট ক্ষমতায় গেলে মুফতি ফয়জুল করিমকে প্রধানমন্ত্রী করার দাবি ইসলামি আন্দোলন বাংলাদেশের” দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: