ইনকিলাব মঞ্চের যমুনা ঘেরাও নিয়ে মাহমুদুর রহমানের মন্তব্য দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিএনপির টাকা খেয়ে যমুনা ঘেরাও করেছে ইনকিলাব মঞ্চ’ শিরোনামে মাহমুদুর রহমানের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিএনপির টাকা খেয়ে যমুনা ঘেরাও করেছে ইনকিলাব মঞ্চ’ শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ৬ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজ থেকে গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, আমার দেশের ফেসবুক পেজে ৬ ফেব্রুয়ারি ‘শাহবাগ ব্লকেড করল ইনকিলাব মঞ্চ’ শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ডে এবং পোস্টের কমেন্টে দেওয়া প্রতিবেদন সূত্রে জানা যায়, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার ও পুলিশের হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেন।
এদিন বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেল ৪টার দিকে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমানের নেতৃত্বে একটি মিছিল যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করে সংগঠনটি।
সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ডাকসুর নেত্রী জুমা ও জকসুর নেত্রী শান্তা আক্তারসহ আরো অনেকে আহত হয়েছেন বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ।
তবে আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
সুতরাং, মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে ‘বিএনপির টাকা খেয়ে যমুনা ঘেরাও করেছে ইনকিলাব মঞ্চ’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – শাহবাগ ব্লকেড করল ইনকিলাব মঞ্চ

