মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি ‘মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার’ শিরোনামে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ০৭ জানুয়ারি, ২০২৬ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করে সেদিন উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের অন্যান্য ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও ফন্টের গাঢ়ত্ব ও আকারে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷
ছবি যাচাই
আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির বিষয়ে অনুসন্ধানে দৈনিক স্বদেশ প্রতিদিন এর ওয়েবসাইটে গত বছরের ১০ আগস্ট ‘ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে যুক্ত ছবির সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ছবির মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সারোয়ার হোসেন (৩১) নামের একজন মাদ্রাসা শিক্ষক ১৩ বছরের এক শিশুকে বলাৎকার করে। এই অভিযোগের প্রেক্ষিতে টাঙ্গাইল সদর থানার পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করে এবং পরে তাকে কারাগারে পাঠানো হয়। উক্ত প্রতিবেদনের কোথাও অভিযুক্ত ব্যক্তি জামায়াত নেতা- এমন কোনো দাবি করা হয়নি।
বরং অভিযুক্ত ওই ব্যক্তির পরিচয় হিসেবে প্রতিবেদনে টাঙ্গাইলের বানিয়াবাড়ি পোড়াবাড়ি ‘মাদ্রাসা ক্বাসিমুল উলূম’ মাদ্রাসার শিক্ষক হিসেবে উল্লেখ করা হয়।
এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
সুতারাং, মাদ্রাসার ছাত্রকে বলৎকারের অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Swadesh Pratidin – ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক

