সেনাপ্রধানের সাথে হাত মেলাতে চাননি প্রধানমন্ত্রী দাবিতে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “সেনাপ্রধানের সাথে হাত মিলাতে চায়নি তারেক রহমান যে কোন সময় পদ হারাতে পারে সেনাপ্রধান” শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।


এরূপ দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে প্রায় ২ লক্ষ ৩২ হাজার বার।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “সেনাপ্রধানের সাথে হাত মিলাতে চায়নি তারেক রহমান যে কোন সময় পদ হারাতে পারে সেনাপ্রধান” শিরোনামে আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে আমার দেশের ফেসবুক পেজ থেকে গত ২৪ ফেব্রুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইটেও আলোচিত দাবি সমর্থিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

পরবর্তীতে ছবিটির বিষয়ে অনুসন্ধানে ফেসবুকে TariqueRahman.info নামের একটি পেজে গত ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত এ সংক্রান্ত একটি ভিডিও পাওয়া যায়। সেদিন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করেন। প্রধানমন্ত্রী তার অফিসে পৌঁছালে সেখানে প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী প্রধানগণ স্বাগত জানান। এ সময় ভিডিওতে দেখা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাত বাড়িয়ে দিলে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাপ্রধানের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন।

অর্থাৎ, সেনাপ্রধানের সাথে তারেক রহমান হাত মিলাতে চায়নি বলে যে দাবি করা হচ্ছে তাও ভিত্তিহীন।

সুতরাং, “সেনাপ্রধানের সাথে হাত মিলাতে চায়নি তারেক রহমান যে কোন সময় পদ হারাতে পারে সেনাপ্রধান” শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: