‘জামায়াতের বিরুদ্ধে একটা পোস্টের জন্য যমুনা পাচ্ছে লক্ষ টাকা’ শিরোনামে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, “জামায়াতের বিরুদ্ধে একটা পোস্টের জন্য যমুনা পাচ্ছে লক্ষ টাকা” শিরোনামে আমার দেশ–এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত শিরোনামে দৈনিক আমার দেশ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে আমার দেশ লোগো এবং এটি প্রকাশের তারিখ ১২ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি, ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির প্রচলিত ফটোকার্ডগুলোর সাথে এটির শিরোনামে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে আরও নিশ্চিত হতে আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনামের সঙ্গে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, ফটোকার্ডটি ভুয়া।
সুতরাং, ‘জামায়াতের বিরুদ্ধে একটা পোস্টের জন্য যমুনা পাচ্ছে লক্ষ টাকা’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube Channel
- Rumor Scanner’s Analysis

