নির্বাচনে ভোট দেওয়া প্রসঙ্গে সেনাকর্মকর্তার বক্তব্যটি এআই নির্মিত 

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তার বক্তব্য প্রচার করা হয়। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘হাসিনার আমলে আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দেখেছেন দেশের কী পরিণতি হয়েছে। তাই এবার আর টাকা দেখে ভোট দেবেন না।’

টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে, বিশ্বস্ত কোনো সূত্র বা প্রতিষ্ঠিত গণমাধ্যমে প্রচারিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। বরং ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। সেনা কর্মকর্তার সামনে থাকা মাইক্রোফোনগুলোতে একই ধরনের লোগো ব্যবহার করা হয়েছে, যা বাস্তব সংবাদ সম্মেলনের পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পাশাপাশি পেছনে অবস্থানরত দুই সেনাসদস্যের চেহারা প্রায় অভিন্ন, বক্তব্যের উপস্থাপনভঙ্গিও আনুষ্ঠানিক সামরিক ব্রিফিংয়ের স্বাভাবিক কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এছাড়া ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে বিশ্লেষণ করলে এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল পাওয়া যায়।

সুতরাং, নির্বাচনে ভোট দেওয়া নিয়ে প্রচারিত সেনাকর্মকর্তার ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

বি.দ্র. নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া অপতথ্য দ্রুত মোকাবেলার লক্ষ্যে এই প্রতিবেদনটি সংক্ষিপ্ত ফরমেটে প্রকাশ করা হয়েছে।

Share: