জামাত শিবিরকে জঙ্গি সংগঠন ঘোষণার দাবিতে আসিফ মাহমুদের নামে বাংলা ভিশনের নকল ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। এরই প্রেক্ষিতে, “জামাত শিবিরকে জঙ্গী সংগঠন ঘোষণা শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ” শীর্ষক শিরোনামে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশনের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ )।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামাত শিবিরকে জঙ্গি সংগঠন ঘোষণা সম্পর্কে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা আসিফ মাহমুদ। বরং, আওয়ামী লীগকে নিষিদ্ধ সংক্রান্ত একটি মন্তব্যে নিয়ে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশনে প্রকাশিত একটি ফটোকার্ড বিকৃত করে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে কোনো গণমাধ্যমের লোগো নেই। তবে, ফটোকার্ডের নীচের বাম কোণে এটি প্রকাশের তারিখ হিসেবে ৭ ফেব্রুয়ারি, ২০২৫ এর উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে মূলধারার গণমাধ্যম বাংলা ভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে “আ. লীগ নিষিদ্ধ করতে শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ” শীর্ষক শিরোনামে গত ৭ ফেব্রুয়ারিতে প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। এই ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, এটি বিকৃত করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পাশাপাশি, সাম্প্রতিক সময়ে ‘জামাত শিবিরকে জঙ্গী সংগঠন ঘোষণা শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ’ শিরোনাম সম্বলিত কোনো ফটোকার্ড বা খবর বাংলা ভিশন সহ অন্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

বাংলা ভিশন নিউজের ফেসবুক পেজে প্রচারিত আওয়ামী লীগ নিষিদ্ধ সংক্রান্ত সংবাদ থেকে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদ সরকারী বার্তা সংস্থা বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একধরনের ‘ঐকমত্য’ তৈরি হয়েছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। দেশের মানুষ আওয়ামীলীগের অগণতান্ত্রিক ও একগুঁয়েমি মনোভাব এবং কার্যকলাপ মেনে নিতে পারেনি বলেই দলটি নিষিদ্ধ করাইয় তাদের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এ ধরণের ঐকমত্য তৈরি হলে সরকারের জন্য আওয়ামীলীগকে নিষিদ্ধ করা সহজ হবে বলে মনে করেন তিনি।

সুতরাং, “জামাত শিবিরকে জঙ্গী সংগঠন ঘোষণা শিগগিরই পদক্ষেপ: আসিফ মাহমুদ” শীর্ষক শিরোনামে ফেসবুকে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড বা সম্পাদিত।

তথ্যসূত্র

Share: