বিএনপকে জড়িয়ে আসিফ মাহমুদকে উদ্ধৃত করে বাংলাভিশনের নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি “আমাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি” শিরোনামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ছবি ব্যবহার করে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিতে আসিফ মাহমুদের সামনে মাইক্রোফোন থাকায় উক্ত বক্তব্যটি তার বলে প্রতীয়মান হচ্ছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “আমাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি” শিরোনামে বাংলাভিশনের এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। আসিফ মাহমুদও এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, বাংলা ভিশনের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বাংলা ভিশনের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে বাংলাভিশনের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, বাংলাভিশনের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, বাংলা ভিশনের ফেসবুক পেজে একই তারিখে ‘বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি: এনসিপি’ শিরোনামে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সঙ্গে বাংলা ভিশনের মূল ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে বাংলা ভিশনের মূল ফটোকার্ডটিতে ‘বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি: এনসিপি’ শিরোনাম থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘আমাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে বাংলা ভিশনের ফটোকার্ডের শিরোনাম পরিবর্তন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত বাংলা ভিশনের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংবাদ সম্মেলনে মন্তব্য করেন রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের লোক বসানো শুরু করেছে। তিনি এ ধরনের পদক্ষেপকে ‘বিধি-বহির্ভূত’ বলেও আখ্যা দেন।

পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।

সুতরাং, ‘আমাকে না জানিয়ে বিভিন্ন জায়গায় নিজেদের লোক বসাচ্ছে বিএনপি’ শিরোনামে বাংলা ভিশনের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: