‘আ.লীগ বিহীন একক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’ শীর্ষক মন্তব্য করেননি মার্কিন রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের ছবি সংযুক্ত করে সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন- ‘আ.লীগ বিহীন একক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আ.লীগ বিহীন একক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’ শীর্ষক মন্তব্য করেননি ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ব্রেন্ট ক্রিস্টেনসেনের নামে আলোচিত ভুয়া এই মন্তব্যটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও মূলধারার গণমাধ্যমগুলোতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যের বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার বাংলাদেশের জনগণের। ভবিষ্যতে বাংলাদেশের জনগণ যে সরকার নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তার সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে। মার্কিন রাষ্ট্রদূত আরো বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে শুনানির সময় তিনি যেমনটি বলেছিলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে তিনি উচ্ছ্বসিত এবং তিনি এর ফলাফল দেখতে আগ্রহী। তিনি আশা করেন, বাংলাদেশে একটি উৎসবমুখর নির্বাচন হবে।

এছাড়াও, আরো একাধিক গণমাধ্যম সূত্রেও ব্রেন্ট ক্রিস্টেনসেনকে এরূপ মন্তব্য করতে দেখা যায় যা আলোচিত দাবিতে বর্ণিত ‘আ.লীগ বিহীন একক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’ শীর্ষক মন্তব্যের সাথে সাংঘর্ষিক। পাশাপাশি, অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও ব্রেন্ট ক্রিস্টেনসেনকে আলোচিত মন্তব্যের অনুরূপ কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

সুতরাং, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘আ.লীগ বিহীন একক নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো আগ্রহ নেই’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: