সম্প্রতি ‘বর্তমানে বাংলাদেশের জনগণ শান্তিতে নাই ৫ আগস্ট এর আগেই ভালো ছিল’ শিরোনামে চ্যানেল২৪ এর লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বর্তমানে বাংলাদেশের জনগণ শান্তিতে নাই ৫ আগস্ট এর আগেই ভালো ছিল’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে চ্যানেল২৪ এর লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ মার্চ, ২০২৬’ উল্লেখ রয়েছে। এরই সূত্র ধরে চ্যানেল২৪ এর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, চ্যানেল২৪ এর ফেসবুক পেজে গত ২৮ মার্চে ‘বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে’ তথ্য সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতিত বাকি সকল উপাদানের মিল রয়েছে। চ্যানেল২৪ এর মূল ফটোকার্ডটিতে ‘বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ মার্চ) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমীতে ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কোনো বিশেষ দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত করে আধুনিক সেবাধর্মী ও মানবিক বাহিনী হিসেবে জনগণের কাছে সেবা নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য। চ্যানেল ২৪ এর উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দাবিতে ‘বর্তমানে বাংলাদেশের জনগণ শান্তিতে নাই ৫ আগস্ট এর আগেই ভালো ছিল’ শিরোনামে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24 : Facebook Post


