তাহরিমা পাকিস্তানের রাষ্ট্রদূতের হস্তক্ষেপে জামিন পেয়েছেন দাবিতে চ্যানেল২৪ এর নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গত ২৫ ডিসেম্বর গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার হন। ৫ জানুয়ারি আদালত তার জামিন মঞ্জুর করে। এরই প্রেক্ষিতে, “পাকিস্তানের রাষ্ট্রদূদের হস্তক্ষেপে জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী” শীর্ষক শিরোনামে চ্যানেল২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “পাকিস্তানের রাষ্ট্রদূদের হস্তক্ষেপে জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী” শীর্ষক তথ্যে বা শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ এর ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনার মাধ্যমে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ৫ জানুয়ারি, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
তবে, গত ৫ জানুয়ারি চ্যানেল২৪ এর ফেসবুক পেজে “জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডে চ্যানেলে২৪ ভুলবশত সাল ২০২৬ এর পরিবর্তে ২০২৫ উল্লেখ করেছে। তবে এই ফটোকার্ডটিতে ‘জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী’ শীর্ষক বাক্য রয়েছে, যা আলোচিত ফটোকার্ডে পরিবর্তন করে ‘পাকিস্তানের রাষ্ট্রদূদের হস্তক্ষেপে জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর এই ফটোকার্ডটির শিরোনাম ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত চ্যানেল২৪ এর মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড বাতিল করে জামিন মঞ্জুর করেছেন আদালত। ৫ জানুয়ারি সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পাশাপাশি, আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য অন্য কোনো গণমাধ্যমেও পাওয়া যায়নি।
সুতরাং, ‘পাকিস্তানের রাষ্ট্রদূদের হস্তক্ষেপে জামিন পেলেন তাহরিমা জান্নাত সুরভী’ শীর্ষক দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Channel24 – Facebook Post

