জামায়াতকে ক্ষমতায় আসতে না দেওয়া নিয়ে প্রণয় ভার্মার মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জামায়াতকে খমতায় আস্তে দেওয়া যাবে না বিএনপি খমতায় আসার জন্য সব ধরনের সহযোগিতা করবে ভারত’ শিরোনামে সংবাদমাধ্যম চ্যানেল২৪’র ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জামায়াতকে খমতায় আস্তে দেওয়া যাবে না বিএনপি খমতায় আসার জন্য সব ধরনের সহযোগিতা করবে ভারত’ শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪’র ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডে চ্যানেল২৪’র লোগো ও তারিখ হিসেবে ২৫ জানুয়ারি, ২০২৬ উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল২৪’র ফেসবুক পেজ থেকে গত ২৫ জানুয়ারি প্রকাশিত এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, চ্যানেল২৪’র ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো তথ্য বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪’র ফেসবুক পেজে ২৪ জানুয়ারি ‘জামায়াত কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না : হর্ষবর্ধন শ্রিংলা’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

এই ফটোকার্ডে এবং পোস্টের কমেন্টে দেওয়া প্রতিবেদন সূত্রে জানা যায়, বাংলাদেশে আসন্ন নির্বাচনে অনিয়ম হলেই কেবল জামায়াত ক্ষমতায় আসতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। সুষ্ঠু নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো জিততে পারেনি, ভবিষ্যতেও পারবে না বলেও দাবি করেন তিনি।

২৩ জানুয়ারি পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের সাবেক এই পররাষ্ট্র সচিব বলেন, ‘কেউ তাদের (জামায়াত) আগে নিয়ে আসছে। তারপরও, নির্বাচনে অনিয়ম হলেই তারা (ক্ষমতায়) আসতে পারবে। নয়তো আসা অসম্ভব।’

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘জামায়াতকে খমতায় আস্তে দেওয়া যাবে না বিএনপি খমতায় আসার জন্য সব ধরনের সহযোগিতা করবে ভারত’ দাবিতে চ্যানেল২৪’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ।

তথ্যসূত্র

Share: