ভোট নিয়ে সিইসির মন্তব্য দাবিতে চ্যানেল২৪ এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে ভূয়া ভোটের বিরোধে পদেক্ষেপ’ শীর্ষক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মন্তব্য দাবিতে সংবাদমাধ্যমে চ্যানেল২৪’র লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে ভূয়া ভোটের বিরোধে পদেক্ষেপ’ শীর্ষক কোনো মন্তব্য এ এম এম নাসির উদ্দীন করেননি এবং উক্ত শিরোনামে চ্যানেল২৪ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, চ্যানেল২৪’র ফটোকার্ড ডিজাইন ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডে চ্যানেল২৪’র লোগো থাকলেও প্রকাশের তারিখ উল্লেখ নেই। উক্ত সূত্রগুলো ধরে অনুসন্ধানে চ্যানেল২৪’র ফেসবুক পেজ থেকে এমন ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। তবে, চ্যানেল২৪’র ফেসবুক পেজে গত বছরের ৯ আগস্ট ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচন: সিইসি’ শীর্ষক তথ্য বা শিরোনাম সংবলিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়, যার সাথে আলোচিত ফটোকার্ডের হুবহু মিল না থাকলেও সিইসির পোশাক এবং স্থানের সাদৃশ্য পাওয়া যায়। তবে এই পোস্টে উক্ত দাবি সংবলিত কোনো তথ্য মেলেনি। 

একইদিন গণমাধ্যমটির ফেসবুক পেজেই এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানেও সিইসিকে এমন কোনো মন্তব্য করতে দেখা যায়নি।

চ্যানেল২৪ এর এ সংক্রান্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের ৯ আগস্ট বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে সকালে সিইসি বলেছিলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা একটি বড় চ্যালেঞ্জ হলেও, নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতির উন্নতি হবে।

তিনি আরও বলেন, যখন একটি দেশে রাষ্ট্র, সরকার ও দল এক হয়ে যায়, তখন সবকিছু একসঙ্গে ধসে পড়ে। নির্বাচন ব্যবস্থার ওপর মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, মানুষকে ভোটকেন্দ্রে আনাই এখন বড় চ্যালেঞ্জ।

পরবর্তীতে অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে ভূয়া ভোটের বিরোধে পদেক্ষেপ’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে চ্যানেল২৪’র নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: