নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে চ্যানেল২৪ ও আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, “জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট চায় ইসলামী আন্দোলন” ও “জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান” শীর্ষক শিরোনামে চ্যানেল২৪ ও আরটিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত চ্যানেল২৪ এর ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)।

আরটিভির ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট চায় ইসলামী আন্দোলন” শিরোনামে চ্যানেল২৪ ও “জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান” শিরোনামে আরটিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় চ্যানেল২৪ ও আরটিভির ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে চ্যানেল২৪ এর লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

চ্যানেল২৪ এর লোগোর সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও চ্যানেল২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে চ্যানেল২৪ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, চ্যানেল২৪ এর ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

ফটোকার্ড যাচাই ২

অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির লোগো এবং ফটোকার্ডটি প্রকাশের তারিখ হিসেবে ১৯ জানুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে আরটিভির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করলে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্যও পরিলক্ষিত হয়।

অর্থাৎ, আরটিভির ফটোকার্ড ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এছাড়া, অন্য কোনো গণমাধ্যমেও আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট চায় ইসলামী আন্দোলন” শিরোনামে চ্যানেল২৪ ও “জনপ্রত্যাশার বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান” শিরোনামে আরটিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: