সম্প্রতি, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে শীর্ষক একটি দাবি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওগুলো দেখুন: এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়নি এবং ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়নি। প্রকৃতপক্ষে, ২০২৩ এবং ২০২৪ সালে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত পুরোনো সংবাদ সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।
ভিডিও যাচাই ১
এ বিষয়ে অনুসন্ধানে ‘SOMOY TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে জানা যায়, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। প্রচারিত সংবাদটি মূলত ঐ সময়ের।
ভিডিও যাচাই ২
এ বিষয়ে অনুসন্ধানে ‘Jamuna TV’ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ১৬ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি পর্যবেক্ষণে জানা যায়, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ঘিরে বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। প্রচারিত সংবাদটি মূলত ঐ সময়েরই।
ভিডিও যাচাই ৩
এ বিষয়ে অনুসন্ধানে ‘Independent Television’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

ভিডিওটি বিশ্লেষণে এবং গণমাধ্যম অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশে তীব্র তাপ প্রবাহের কারণে ঝুঁকি বিবেচনায় ২০২৩ সালের ০৮ জুন মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রচারিত সংবাদটি মূলত ঐ সময়েরই।
উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে অফিস-ব্যাংক, মার্কেটের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও তিন দিন অনলাইন এবং তিন দিন সশরীর পাঠদানের প্রস্তাব করা হলেও প্রাথমিক বিদ্যালয়ে কার্যকরভাবে অনলাইনে ক্লাস নেওয়া বেশ কঠিন হবে বলে মনে করছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কীভাবে সমস্যাটি সমাধান করা যায়, সেই চিন্তা মাথায় রেখে মন্ত্রিপরিষদ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে বলেও জানা যায়।
এছাড়া, ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিটিও সঠিক নয়। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, প্রশাসনিক পুনর্বিন্যাস, পরীক্ষার্থীর স্বল্পতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বছর এইচএসসি পরীক্ষার জন্য নির্ধারিত ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সুতরাং, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে এবং ২০২৬ সালের অনুষ্ঠিতব্য এসএসসি ও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে শীর্ষক দাবিগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- SOMOY TV: YouTube Video
- Jamuna TV: YouTube Video
- Independent Television: YouTube Video
- BBC Bangla: তীব্র গরমে এবার মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
- Prothom Alo: আগামীকাল থেকে নতুন সময়ে অফিস-ব্যাংক, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায়
- Prothom Alo: এইচএসসি পরীক্ষা ২০২৬: সরকারি বাঙলা কলেজসহ ১৪টি কেন্দ্র বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড
- Rumor Scanner’s Analysis


