সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে দাবি করা হয়, হাসিনাকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান এবং ফেব্রুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা দিয়েছেন।

ফেসবুকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত উক্ত দাবির পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কিংবা নির্বাচন বন্ধের বিষয়ে সেনাপ্রধান কোনো বক্তব্য দেননি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সেনাপ্রধানের বক্তব্যটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৪ সালের জুন মাসে নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের সময় দেওয়া বক্তব্যের একটি অংশ।
এ বিষয়ে অনুসন্ধানে মাছরাঙা টেলিভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২৩ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়, যার সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে। ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি জেনারেল ওয়াকার-উজ-জামানের সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণকালীন দেওয়া বক্তব্য।

ভিডিওতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “এটা একটি গুরু দায়িত্ব। আপনারা সবাই দোয়া করবেন, আমি যেন এই গুরু দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমি কৃতজ্ঞ, তিনি আমাকে এ দায়িত্ব অর্পণ করেছেন। অতীতে তার সঙ্গে আমি পিএসও-এএফডি হিসেবে তিন বছরেরও বেশি সময় কাজ করেছি। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য অত্যন্ত ভালো ছিল। কোনো সিদ্ধান্তের প্রয়োজন হলে তিনি দ্রুত সিদ্ধান্ত দিয়েছেন।”
উক্ত বক্তব্যের বাকি অংশজুড়ে জেনারেল ওয়াকার-উজ-জামান মূলত সেনাবাহিনীর দায়িত্ব ও কর্তব্য, দেশের প্রতি বাহিনীর অঙ্গীকার এবং পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন।
এটিএন নিউজের ইউটিউব চ্যানেলেও ২০২৪ এর ২৪ জুন প্রকাশিত এই বক্তব্যের ভিডিওটি পাওয়া যায়।
এছাড়া মূলধারার কোনো গণমাধ্যমে বা বিশ্বাসযোগ্য সূত্রে বর্তমানে প্রচারিত দাবিটি সমর্থন করে এমন কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি।
সুতরাং, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা ও ফেব্রুয়ারিতে নির্বাচন বন্ধের ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Masranga Television – YouTube Video


