জামায়াত আমীরকে জড়িয়ে ঢাকা পোস্টের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে “জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বিএনপিপন্থি সাইবার টিমকে ধরতে মতিঝিল এজিবি কলোনিতে ডিবির অভিযান” শিরোনামে ঢাকা পোস্টে লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।


এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বিএনপিপন্থি সাইবার টিমকে ধরতে মতিঝিল এজিবি কলোনিতে ডিবির অভিযান” শিরোনামে ঢাকা পোস্ট কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে,গণমাধ্যমটির ফটোকার্ডের ডিজাইন নকল করে আলোচিত দাবি সংবলিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ঢাকা পোস্টের লোগো ও প্রকাশের তারিখ হিসেবে ৪ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে ঢাকা পোস্টের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, ঢাকা পোস্টের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, ঢাকা পোস্টের ফেসবুক পেজে একই বিষয়ে প্রকাশিত “জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, মধ্যরাতে রাজারবাগে ডিবির অভিযান” শিরোনামের অন্য একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ওই ফটোকার্ড সংবলিত ঢাকা পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাক হওয়ার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর রাজধানীর রাজারবাগে সরকারি কোয়ার্টারে অভিযান চালায়।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সুতরাং,“জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকড, বিএনপিপন্থি সাইবার টিমকে ধরতে মতিঝিল এজিবি কলোনিতে ডিবির অভিযান” শিরোনামে ঢাকা পোস্টের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: