দীপু মনি জামিন পেয়ে মার্কিন প্রতিনিধির সাথে সাক্ষাৎ দাবি; নেপথ্যে ভুয়া ফেসবুক পেজ 

২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি কারাগারে আছেন। সম্প্রতি, জামিন পেয়ে মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন দীপু মনি শীর্ষক দাবিতে একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামিন পেয়ে মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন দীপু মনি শীর্ষক দাবিতে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং ছবিতে থাকা ব্যক্তিরাও মার্কিন নাগরিক নন। এছাড়া, দীপু মনি জামিনও পাননি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালের নভেম্বর মাসে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সভার ৪২ তম অধিবেশনে প্যালেস্টাইন পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা করেন দীপু মনি। সেই সময়কার ছবিকে দীপু মনির নামে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে ইন্টারনেটে বাস্তব দাবিতে ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবির বিষয়ে শুরুতে আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি জামিন পেয়েছেন কি না সেটি যাচাই করেছে রিউমর স্ক্যানার টিম। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দীপু মনির জামিন পাওয়ার বিষয়ে কোনো তথ্য গণমাধ্যম ও বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।

তবে, গত ০৭ জানুয়ারি প্রথম আলোর ওয়েবসাইটে ‘বাড্ডা থানার হত্যাচেষ্টা মামলা: আনিসুল-সালমান-দীপুকে গ্রেপ্তার দেখানোর আদেশ’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত ০৭ জানুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানকালের একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে বাসস, ঢাকা পোস্ট সহ একাধিক গণমাধ্যম।

অর্থাৎ, দীপু মনিকে জামিন দেওয়া হয়নি বরং, আরেক মামলায় নতুনভাবে আবারও গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে দীপু মনির ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ১৩ নভেম্বর প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ছবির সাথে আলোচিত ছবির হুবহু মিল রয়েছে।

সেসময় উক্ত পোস্টের ক্যাপশনে তিনি বলেছিলেন, ২০২৩ সালের ১৩ নভেম্বর প্যারিস সময় সকাল দশটায় শুরু হওয়া ইউনেস্কোর জেনারেল কনফারেন্স এর ৪২ তম সেশনের জেনারেল ডিবেটে তৃতীয় বক্তা হিসেবে বাংলাদেশের পক্ষে বক্তব্য উপস্থাপন করেছি। বক্তব্যের পর প্যালেস্টাইনের পররাষ্ট্র মন্ত্রী রিয়দাম আল মালিকির সাথে আলোচনা হয়। তার কিছু ছবি ও আমার বক্তব্য।

উক্ত সূত্র ধরে অনুসন্ধানে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘প্যালেস্টাইনে নির্বিচারে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, সেইদিন ইউনেস্কোর সাধারণ সভার ৪২ তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হয়ে বক্তব্য রেখেছিলোন দীপু মনি। সেখানে প্যালেস্টাইনে নির্বিচারে গণহত্যা বন্ধের আহবান জানান তিনি।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ইনডিপেনডেন্ট টিভিও

অর্থাৎ, প্রচারিত ছবিটি ২০২৩ সালের পুরোনো।

এদিকে, দীপু মনি সাম্প্রতিক সময়ে জামিনের পর মার্কিন প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করেছেন দাবিতে প্রচারিত পোস্টগুলোতে ‘ডা. দিপু মনি’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১৭ জানুয়ারি বিকেল ০৫ টা ৫১ মিনিটে দেওয়া একটি পোস্ট সূত্র হিসেবে দেখানো হয়েছে। পোস্টটিতে প্রতিক্রিয়া দেখানো হয়েছে ৬ হাজার পাঁচশত এর অধিক। এছাড়া পোস্টটিতে মন্তব্য করা হয়েছে ৮৪৬টি ও ৪৪০ বার পোস্টটি শেয়ার করা হয়েছে।

উক্ত পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি গত ১৭ জানুয়ারি খোলা হয়েছে। এছাড়া, পেজটি ১৪ হাজারের অধিক ফলোয়ার রয়েছে এবং মাত্র ২২ টি পোস্ট দেওয়া হয়েছে।

অর্থাৎ, এটি দীপু মনির আসল পেজ নয়। দীপু মনির আসল অ্যাকাউন্টটি ভেরিফায়েড এবং ২০১২ সালের ০৫ জানুয়ারি খোলা হয়েছে। অ্যাকাউন্টটিতে ৭ লাখ ৪১ হাজারের ওপরে ফলোয়ার এবং ৯ হাজার ৩শ এর অধিক পোস্ট হয়েছে। এছাড়া, মূল অ্যাকাউন্টটিতে জামিন পাওয়া কিংবা জামিন পেয়ে মার্কিন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করা সংক্রান্ত কোনো পোস্টও খুঁজে পাওয়া যায়নি। 

অতএব, এতে প্রতীয়মান হয় যে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে সূত্র হিসেবে উল্লিখিত পেজটি দীপু মনির আসল পেজ নয় বরং, দীপু মনির নামে খোলা ভুয়া পেজ।

সুতরাং, ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে সম্প্রতি জামিন পেয়ো দীপু মনি মার্কিন প্রতিনিধির সাথে সাক্ষাৎ করেছেন দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: