পুরুষ মানুষ কখনও মহিলা মানুষের উন্নতি সহ্য করতে পারে না বলে মন্তব্য করেননি ডা. শফিকুর রহমানের স্ত্রী

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর ডা. শফিকুর রহমানের স্ত্রীর ছবি সংযুক্ত একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হয়েছে তিনি বলেছেন, ‘আমার স্বামীর মন মানসিকতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। পুরুষ মানুষ কখনও মহিলা মানুষের উন্নতি সহ্য করতে পারে না।’

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘আমার স্বামীর মন মানসিকতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। পুরুষ মানুষ কখনও মহিলা মানুষের উন্নতি সহ্য করতে পারে না’ বলে মন্তব্য করেননি জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের স্ত্রী। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিটিকে আসল খবর হিসেবে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
উক্ত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, ‘Gorom TV’ নামের একটি ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারিতে আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়। তবে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে ‘Gorom TV’ এর লোগোর অংশ বাদ দিয়ে যমুনা টিভির লোগের ডিজাইন কিছুটা নকল করে Hotasa Tv শীর্ষক লোগো দিয়ে ফটোকার্ড তৈরি করা হয়।

‘Gorom TV’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘All content on this page is strictly for satire and entertainment purposes. This is not a source of real or factual news. We present news through humor and parody.
পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘আমার স্বামীর মন মানসিকতা সম্পর্কে আমি খুব ভালোভাবেই জানি। পুরুষ মানুষ কখনও মহিলা মানুষের উন্নতি সহ্য করতে পারে না’ শীর্ষক মন্তব্য ডা. শফিকুর রহমানের স্ত্রী করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom Tv – Facebook Post
- Rumor Scanner’s analysis

