২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর প্রেক্ষিতে তার আশ্রয় নিয়ে দেশটির সংসদে বিরোধী দলীয় নেতাকর্মীরা বিরোধীতা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন’ শীষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দুটি ভিডিও প্রচার করা হয়েছে। প্রচারিত ভিডিও দুটি ভিন্ন হলেও সেগুলো একই দিনের এবং একই ঘটনার বলে পরিলক্ষিত হয়।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত একই ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিন্ন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের সংসদে ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন’ শীষক মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, দেশটির রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ লোকসভায় তার আলোচনার মুহুর্তের কয়েকটি ফুটেজ যুক্ত করে একটি ভিডিও তৈরি করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে ভারতীয় বা দেশীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রে ভারতীয় সংসদে নরেন্দ্র মোদীর এমন মন্তব্য করার সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে এটির কয়েকটি কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতের সংসদ টিভির ইউটিউব চ্যানেলে গত ৮ ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

প্রচারিত ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত ভিডিওর বেশ কয়েকটি ফুটেজের সাথে আলোচিত ভিডিওর নরেন্দ্র মোদীর ফুটেজের হুবহু মিল রয়েছে। মূলত, উক্ত ভিডিওর কিছু ফুটেজ কাট করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। ভিডিওটির শিরোনাম থেকে জানা যায়, এটি ভারতের রাষ্ট্র গান বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ লোকসভায় নরেন্দ্র মোদীর বিশেষ বক্তব্য প্রদানের ভিডিও। যেখানে তাকে রাষ্ট্র গানের ইতিহাস টেনে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে শোনা গেলেও শেখ হাসিনা প্রসঙ্গে কোনো আলোচনা করতে শোনা যায়নি।
এছাড়াও ভারতের প্রধানমন্ত্রীর সরকারী ওয়েবসাইটেও তার সেদিনের বক্তব্য নিয়ে প্রকাশিত প্রতিবেদনেও এমন দাবির সত্যতা পাওয়া যায়নি।
ভারতীয় ফ্যাক্টচেকাররা রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, গত বছরের আগস্ট থেকেই লোকসভার অধিবেশনের নানা সেশনে নানা ভাবে শেখ হাসিনা প্রসঙ্গ তুলেছে বিরোধীরা। এই শীতকালীন সেশনেও উঠেছিল প্রশ্ন। তবে মোদী কখনোই এ বিষয়ে কিছুই বলেননি।
সুতরাং, ভারতীয় সংসদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন’ বলে মন্তব্য করেছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Sansad TV Youtube Channel: PM Modi’s Remarks | 150th Anniversary of the National Song ‘’VANDE MATARAM”.
- PM India Website: লোকসভায় বন্দে মাতরম-এর ১৫০ বছর উপলক্ষে বিশেষ আলোচনা পর্বে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী
- Rumor Scanner’s Analysis


