সম্প্রতি, নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দেশের সকল প্রাইভেট বা বেসরকারি স্কুল বন্ধ করে দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে প্রচারিত পোস্টটি নিজের ফেসবুক প্রোফাইলেও শেয়ার করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। শেয়ারকৃত পোস্টটি দেখুন এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে একই দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, নেপালে সরকার বা দেশটির প্রধানমন্ত্রী সকল প্রকার প্রাইভেট বা বেসরকারি স্কুল বন্ধ করার কোনো ঘোষণা দেয়নি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড়া সম্পূর্ণ ভিত্তিহীনভাবে দাবিটি প্রচার করা হয়েছে।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে নেপালের কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন তথ্য প্রচারিত হতে দেখা যায়নি। এমনকি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রী পরিষদের ওয়েবসাইট পর্যালোচনা করেও এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের তথ্য পাওয়া যায়নি। দেশটির শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট পর্যালোচনা করেও আলোচিত দাবিটির সত্যতা পাওয়া যায়নি।
পরবর্তীতে এ বিষয়ে দেশটির তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান নেপাল ফ্যাক্টচেক-এর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, আলোচিত দাবিটির বিষয়ে তারা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মধু প্রসাদ ঘিমিরের সাথে যোগাযোগ করলে তিনি নেপাল ফ্যাক্টচেককে নিশ্চিত করে সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি।
সুতরাং, নেপালে দেশের সকল প্রাইভেট বা বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া ঘোষণা দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Office of the Prime Minister and Council of Ministers Website
- Ministry of Education, Science and Technology Website
- Nepal Fact Check Website: Govt has not taken decision to scrap private schools, says viral claim


