সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ‘ভারতের প্রত্যেকটা মসজিদে নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে ভারত প্রশাসন’।

এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি আলোচিত দাবিতে প্রচারিত উল্লেখিত পোস্টটি ২ লক্ষ ৫০ হাজারেরও অধিক বার দেখা হয়েছে এবং ১৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে পোস্টটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ভারতের প্রতিটি মসজিদে ভারত প্রশাসন নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, গুগলে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে এরূপ কোনো ঘোষণা দেওয়া হলে তা ভারতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচার করা হতো।
তবে অনুসন্ধানে ভারতের কতিপয় অঞ্চলে নামাজ পড়া নিয়ে কিছু বিধিনিষেধের সংবাদ পাওয়া যায়। সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট ভারতের তামিলনাড়ুর সিকান্দার বাদুশা আউলিয়া দরগায় নামাজ সীমিত করার আদেশ বহাল রেখেছে। এই রায় অনুযায়ী, শুধুমাত্র রমজান ও ঈদুল আযহা উৎসবের সময় সেখানে জামাতে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও সম্প্রতি ভারতের বেরিলির মোহাম্মদগঞ্জের বাসিন্দারা কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও রমজানে বাড়িতে জামাতে নামাজের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন বলেও সংবাদ পাওয়া যায়। পাশাপাশি, উত্তরপ্রদেশ জুড়ে প্রকাশ্য রাস্তা এবং মহাসড়কে নামাজ পড়ার ওপর নিষেধাজ্ঞা থাকার বিষয়েও জানা যায়।
তবে কোথাও ভারতের প্রতিটি মসজিদে ভারত প্রশাসন নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে এরূপ দাবির কোনো উল্লেখ নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।
এ বিষয়ে জানতে ভারতীয় সংবাদমাধ্যম আজতক বাংলার ফ্যাক্টচেকার ঋদ্ধীশ দত্তের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ভারত সরকার এমন কোনো ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে একটি ভিডিওর সংযুক্তি পাওয়া যায়, তবে তার সাথে আলোচিত দাবির সপক্ষে তথ্যপ্রমাণের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।
সুতরাং, ভারতের প্রতিটি মসজিদে ভারত প্রশাসন নামাজ বন্ধের ঘোষণা দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- The Quint – “पहली बार रमजान में तरावीह की नमाज नहीं,” बरेली DM को HC का नोटिस फिर रोक क्यों?
- The Print – ‘Balanced order’: SC upholds Madras HC’s deepam nod & restriction on Muslim prayers at Madurai hilltop
- Times of India – Learn discipline from Hindus’: UP CM Yogi Adityanath backs into ban on namaz on roads
- Rumor Scanner’s analysis


