বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কটের আহ্বান জানিয়ে সারজিস আলমের মন্তব্য দাবিতে ভুয়া তথ্য প্রচার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগে পুরোনো কমিটি ভেঙে দিয়ে গত ৭ এপ্রিল জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে স্থান পেয়েছেন বিএনপির তিন নেতার ছেলে ও এক নেতার স্ত্রী। এরপরই ক্রিকেট বোর্ডের কমিটিতে রাজনৈতিক প্রভাবের বিষয়টি পুনরায় আলোচনা আসে। শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর প্রেক্ষিতে সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, ‘দেশের সব মানুষের উচিত বাংলাদেশ ক্রিকেট টিমকে বয়কট করা! কারণ..অযথা রাষ্ট্রের টাকা নষ্ট করে কতগুলো বাইরের দালাল পুযে লাভ কি..!’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে অনলাইনে একটি ফটোকার্ড প্রচার হতে দেখা যায়।

টিকটকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, বাংলাদেশ ক্রিকেট দলকে বয়কট করা প্রসঙ্গে সারজিস আলম এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে।

সারজিস আলম জাতীয় ক্রিকেট দল সম্পর্কে এমন মন্তব্য করলে স্বাভাবিকভাবেই তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। কিন্তু অনুসন্ধানে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে তার এমন মন্তব্য করার তথ্য পাওয়া যায়নি। এমনকি তার ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করেও এমন মন্তব্য সংবলিত কোনো পোস্ট প্রচারিত হতে দেখা যায়নি।

পরবর্তীতে প্রচারিত ফটোকার্ডটি সূক্ষ্মভাবে পর্যালোচনায় দেখা যায়, ফটোকার্ডটির ডানপাশে উপরের দিকে Zahid Official_48 লেখা রয়েছে। প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে দেখা যায়, এটি মূলত যে টিকটক অ্যাকাউন্ট থেকে দাবিটি প্রচার করা হয়েছে সেটির নাম। উক্ত টিকটক অ্যাকাউন্টটি পর্যালোচনা করে দেখা যায়, অ্যাকাউন্টটি থেকে প্রতিনিয়ত বিভিন্ন ব্যক্তির নামে এমন ভুয়া মন্তব্য সংবলিত ফটোকার্ড প্রচার করা হয়। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত অ্যাকাউন্টটি-ই সারজিস আলমের নামে ভুয়া এই মন্তব্যটি প্রচার করেছে।

সুতরাং, সারজিস আলম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে বয়কট করার আহ্বান জানিয়েছেন দাবিতে তার নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Zahid Official_48 Tiktok Account
  • Rumor Scanner’s Analysis
Share: