সম্প্রতি অনলাইনে দাবি প্রচার করা হয়েছে, ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। ৭টি আসনে যাচাই বাছাই চলে। এরমধ্যে ১৬ জনের প্রার্থীতা বাতিল হয়।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এরূপ দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, যমুনা টিভির ভিন্ন একটি ভিডিও সংবাদ প্রতিবেদন সম্পাদিত করে তাতে আলোচিত দাবির অডিও সংযুক্ত করে উক্ত দাবি প্রচার করা হয়েছে।
আলোচিত সংবাদ ভিডিওর বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ‘যমুনা টিভি’র ইউটিউব চ্যানেলে ‘দ্বৈত নাগরিকত্বের দায়ে চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল’ শিরোনামে গত ৪ জানুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে প্রদর্শিত দৃশ্যের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওতে প্রদর্শিত দৃশ্যের মিল পাওয়া যায়।

তবে, যমুনা টিভির প্রতিবেদনে বলা হয়, ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম- ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে। শেষ দিনে চট্টগ্রামের ৭টি আসনে যাচাই বাছাই চলে। এরমধ্যে ১৬ জনের প্রার্থীতা বাতিল হয়। বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা।’
অর্থাৎ, ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম- ৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে’ শীর্ষক সংবাদের অডিওর জায়গায় সম্পাদনা করে ‘দ্বৈত নাগরিকত্ব থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে’ শীর্ষক অডিও সংযুক্ত বা প্রতিস্থাপিত করা হয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলের দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বরং সরকারি সংবাদমাধ্যম ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ সূত্রে জানা যায়, বগুড়া-৬ (সদর) আসন থেকে তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। এছাড়া, জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে গত ৩ জানুয়ারিতে প্রকাশিত আরেক প্রতিবেদন সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সুতরাং, দ্বৈত নাগরিকত্ব থাকায় তারেক রহমানের মনোনয়ন পত্র বাতিল হয়েছে শীর্ষক দাবিতে প্রচারিত প্রতিবেদনটি সম্পাদিত এবং প্রচারিত দাবিটি ভুয়া।
তথ্যসূত্র
- Jamuna TV – দ্বৈত নাগরিকত্বের দায়ে চট্টগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল
- Bangladesh Sangbad Sangstha – বগুড়ায় তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ
- Prothom Alo – ঢাকা-১৭ আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
- Rumor Scanner’s analysis


