নির্বাচনে বিএনপি ২৪০ থেকে ২৫০ আসনে জিতবে দাবিতে জাতিসংঘের নামে ভুয়া জরিপ প্রচার

সম্প্রতি ‘জাতিসংঘের জরিপ বলছে ২০২৬,১২ ফেব্রুয়ারি নির্বাচনে ২৪০ থেকে ২৫০ আসলে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে আপনাদের মতামত কি’ শীর্ষক দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৪০ থেকে ২৫০ আসনে জয়ী হয়ে সরকার গঠন করবে এমন কোনো জরিপ জাতিসংঘ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে কোনোরকম নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে এতে দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।
পরবর্তীতে এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবিটির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এছাড়াও, জাতিসংঘের মূল ওয়েবসাইট ও জাতিসংঘ বাংলাদেশ কার্যালয়ের ওয়েবসাইট পর্যবেক্ষণে করেও আলোচিত দাবিটির সত্যতা মেলেনি।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ বিষয়ে সাম্প্রতিক সময়ে জাতিসংঘ থেকে বলা হয়, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। এছাড়া জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। তবে আলোচিত জরিপের বিষয়ে কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি।
সুতরাং, জাতিসংঘের জরিপে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ২৪০ থেকে ২৫০ আসনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে শীর্ষক দাবিটি ভুয়া ও বানোয়াট।

