ইরান কর্তৃক আমেরিকার তেলবাহী জাহাজ ডোবানোর দৃশ্য দাবিতে ইতালির জাহাজ দুর্ঘটনার পুরোনো ছবি প্রচার

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এ ঘটনার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলমান রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করে দাবি করা হয়, আমেরিকার একটি গুরুত্বপূর্ণ তেলবাহী জাহাজ ইরান ডুবিয়ে দিয়েছে।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইনস্টাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি ইরান কর্তৃক যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী জাহাজ ডুবিয়ে দেওয়ার দৃশ্য নয় এবং ছবিটি সাম্প্রতিক সময়েরও নয়। প্রকৃতপক্ষে, ১৯৯১ সালে ইতালির জেনোয়া উপকূলের কাছে দুর্ঘটনার শিকার হওয়া একটি তেলবাহী ট্যাঙ্কারের ছবি।
এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বের অন্যতম বৃহৎ স্টক ফটোগ্রাফি এজেন্সি Alamy এর ওয়েবসাইটে একটি ছবি খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ছবিটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ইতালির জেনোয়ার উপকূলের সামনে ঘটে যাওয়া হ্যাভেন তেল ট্যাঙ্কার দুর্ঘটনার সময় জাহাজে আগুন লাগা ও ডুবে যাওয়ার দৃশ্য।
এ বিষয়ে আরও অনুসন্ধানে জানা যায়, অলাভজনক আন্তর্জাতিক কারিগরি সেবা প্রদানকারী সংস্থা ITOPF এর ওয়েবসাইটে ‘Haven, Italy, 1991’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৯৯১ সালের ১১ এপ্রিল বিপুল পরিমাণ খনিজ তেলবাহী জাহাজ MT Haven ইতালির জেনোয়া রোডসে নোঙর করা অবস্থায় বিস্ফোরণের কবলে পড়ে। জাহাজটিতে তখন প্রায় ১ লাখ ৪৪ হাজার টন ইরানি হেভি ক্রুড তেল ছিল। প্রতিবেদন অনুযায়ী, ট্যাংকার পরিষ্কার করার সময় সৃষ্ট বৈদ্যুতিক স্ফুলিঙ্গ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জাহাজের ছয়জন ক্রু সদস্য নিহত হন। বিস্ফোরণের তীব্রতায় জাহাজটি তিনটি অংশে বিভক্ত হয়ে যায় এবং একটি অংশ নোঙর করা স্থানের কাছেই ডুবে যায়। সামনের অংশটি দক্ষিণ-পশ্চিম দিকে ভেসে গিয়ে পরে নিমজ্জিত হয়।
উল্লেখ্য, গত ৬ মার্চ ডেইলি স্টারের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কুয়েত উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর একটি ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া’র এক মুখপাত্র এএফপিকে বলেন, কুয়েত সীমান্তের কাছে মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এতে আগুন ধরে গেছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারিও একই দাবি করেন।
সুতরাং, আমেরিকার তেলবাহী জাহাজ ইরান ডুবিয়ে দিয়েছে দাবিতে ১৯৯১ সালে ইতালিতে তেলবাহী জাহাজ দুর্ঘটনার ছবি প্রচার করা হয়েছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Alamy – Online Photo
- ITOPF – Haven, Italy, 1991
- The Daily Star – মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের হামলা: মার্কিন তেলবাহী জাহাজ, রাডার ধ্বংসের দাবি

