রাজধানীতে চলছে তীব্র গ্যাস সংকট। তিতাস গ্যাসের স্বল্পতা ও এলপিজি সিলিন্ডারের ঘাটতির কারণে জনজীবন চরম ভোগান্তিতে পড়েছে। এরই প্রেক্ষিতে, “শেখ হাসিনা ৯০০ টাকা গ্যাস দিয়ে গেছেন এই গ্যাস এখন ৩০০০ টাকা! শেখ হাসিনা ২৬০০ টাকা বস্তা চাল দিতেন এখন সেটা ৩২০০ টাকা!” শীর্ষক মন্তব্যটি অভিনেতা মোশাররফ করিমের দাবিতে একটি ডিজিটাল ব্যানার ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, “শেখ হাসিনা ৯০০ টাকা গ্যাস দিয়ে গেছেন এই গ্যাস এখন ৩০০০ টাকা! শেখ হাসিনা ২৬০০ টাকা বস্তা চাল দিতেন এখন সেটা ৩২০০ টাকা!” শীর্ষক কোনো মন্তব্য মোশাররফ করিম করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তবে, প্রচারিত পোস্টগুলোতে সংযুক্ত ফটোকার্ডে মূলধারার গণমাধ্যম ‘সময় টিভি’র লোগোর আদলে তৈরি ‘গরম টিভি’ নামের একটি লোগো দেখা যায়।
উক্ত সূত্র ধরে অনুসন্ধানে গত ১০ জানুয়ারি ‘Gorom Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি পোস্ট পাওয়া যায়। উক্ত পোস্টে যুক্ত ডিজিটাল ব্যানারের সাথে আলোচিত ব্যানারটির হুবহু মিল রয়েছে।

‘গরম টিভি’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে উল্লেখ পাওয়া যায়, ‘পেজের সমস্ত খবর ব্যঙ্গ ও বিনোদনের জন্য তৈরি। এটি কোনো বাস্তব বা প্রকৃত খবরের পেজ নয়।’ এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

সুতরাং, অভিনেতা মোশাররফ করিম “শেখ হাসিনা ৯০০ টাকা গ্যাস দিয়ে গেছেন এই গ্যাস এখন ৩০০০ টাকা! শেখ হাসিনা ২৬০০ টাকা বস্তা চাল দিতেন এখন সেটা ৩২০০ টাকা!” শীর্ষক মন্তব্যটি করেছেন দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Gorom TV – Facebook Post
- Gorom TV – Facebook Page
- Rumor Scanner’s analysis


