খামেনি-হাদিকে নিয়ে ঢাবি শিক্ষক মোনামীর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভূঁইয়া মোনামীর ছবি সংযুক্ত করে তার মন্তব্য দাবিতে একটি ফটোকার্ড প্রচারিত হতে দেখে রিউমর স্ক্যানার। এই ফটোকার্ডে দাবি করা হয়েছে শেহরিন আমিন মোনামী বলেছেন, ‘খামেনি অনেক বড় নেতা হতে পারে, কিন্তু নিজ দেশের ভিতরেই অর্ধেকের বেশি লোক তার বিপক্ষে ছিলো। কিন্তু হাদিকে দেশের ১৮ কোটি মানুষ ভালবাসতো।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি শেহরিন আমিন ভূঁইয়া মোনামী করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে উদ্ভূত দাবিটিকে তার আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির পক্ষে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। তিনি এমন মন্তব্য করলে তা গণমাধ্যমে প্রকাশ হতো।

এ বিষয়ে আরও অনুসন্ধানে দেখা যায়, Gupto Television নামের একটি সার্কাজমধর্মী ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়। পেজটি থেকে গত ১৪ মার্চ একটি ফটোকার্ড আকারে পোস্টটি প্রকাশ করা হয়।

পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে, “আমাদের কনটেন্ট হাস্যরস, ব্যঙ্গ ও parody এর মাধ্যমে উপস্থাপিত হয়, যার উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন।” পাশাপাশি পেজটির অ্যাবাউট সেকশনে একে Satire/Parody হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া উক্ত পেজে এর আগেও এ ধরনের একাধিক তথ্যপ্রমাণহীন ও সার্কাজমধর্মী পোস্ট প্রকাশ করা হয়েছে (,,)।

সুতরাং, খামেনি-হাদিকে নিয়ে শেহরিন আমিন মোনামীর মন্তব্য দাবিতে প্রচারিত তথ্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: