বন্যার ত্রাণ নিয়ে হাসনাত আবদুল্লাহর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে দেশের ১২টি জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই প্রেক্ষিতে, “এইবার বন্যার ত্রাণের টাকা উঠালে এক টাকাও নয়ছয় হবেনা। ত্রাণের প্রতিটি টাকা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখে বন্যাদুর্গত মানুষের হাতে পৌছে দেয়া হবে” শীর্ষক মন্তব্যটি হাসনাত আবদুল্লাহ করেছেন এমন একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

একই দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

ইউটিউবে প্রচারিত ফটোকার্ড দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘এইবার বন্যার ত্রাণের টাকা উঠালে এক টাকাও নয়ছয় হবেনা। ত্রাণের প্রতিটি টাকা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখে বন্যাদুর্গত মানুষের হাতে পৌছে দেয়া হবে’ শীর্ষক কোনো মন্তব্য হাসনাত আবদুল্লাহ করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও নির্ভরযোগ্য কোনো সূত্রে এমন বক্তব্যের প্রমাণ মেলেনি। এছাড়াও, হাসনাত আবদুল্লাহর ফেসবুক পেজ পর্যালোচনা করে তার এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।

আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ জুলাই আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।

‘দৈনিক মোল্লার দেশ’ পেজটি পর্যবেক্ষণ করলে এটিকে প্যারোডি/স্যাটায়ার পেজ হিসেবে দাবি করতে দেখা যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়। এ থেকে নিশ্চিত হওয়া যায় যে আলোচিত পোস্টটিও মূলত ব্যাঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছে।

১২ জুলাই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করতে যান। বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে দেশীয় গণমাধ্যম চ্যানেল২৪ এ প্রকাশিত ভিডিও প্রতিবেদনে হাসনাত আবদুল্লাহর বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, বন্যাদুর্গতদের পাশে দাড়াতে চট্টগ্রামে আমরা সকাল থেকে কাজ করছি, আমরা আনোয়ারা তে গিয়েছি, বাশখালিতে গিয়েছি, সেখানে মানুষ মানবেতর জীবনযাপন করছে।

সুতরাং, হাসনাত আবদুল্লাহ “এইবার বন্যার ত্রাণের টাকা উঠালে এক টাকাও নয়ছয় হবেনা। ত্রাণের প্রতিটি টাকা পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখে বন্যাদুর্গত মানুষের হাতে পৌছে দেয়া হবে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: