ছাত্রদল ও ছাত্রশিবিরকে জড়িয়ে জাইমা রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছবি ব্যবহার করে জাইমা রহমানকে উদ্ধৃত করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, জাইমা রহমান বলেছেন, “রাজাকার ছাত্রশিবির থেকে তারেক রহমানের ছাত্রদলের কাছে নারীরা বেশি নিরাপদ।”

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি সার্কাজম পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া দাবিকে জাইমা রহমানের আসল মন্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবির পক্ষে মূলধারা গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। জাইমা রহমানের সাম্প্রতিক কোনো বক্তব্য বা সাক্ষাৎকারেও এ ধরনের মন্তব্য করার প্রমাণ মেলেনি। তার ফেসবুক পেজেও এমন কোনো মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে দেখা যায়, ‘Jibon Bangla News’ নামের একটি ফেসবুক পেজ থেকে দাবিটির সূত্রপাত হয়েছে। পেজটি গত ২৭ ফেব্রুয়ারি একটি ফটোকার্ড প্রকাশ করে এমন দাবি করা হয়।

পেজটি পর্যবেক্ষণে দেখা যায়, এর বায়োতে উল্লেখ রয়েছে “এ পেজটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, দয়া করে কোন পোস্ট সিরিয়াসলি নিবেন না আমরা শুধুমাত্র সমসাময়িক নিউজ গুলো সারকাজম আকারে প্রকাশ করি।” এছাড়া পেজটি থেকে নিয়মিতই এ ধরনের তথ্যপ্রমাণহীন ও ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হয়।

সুতরাং, জাইমা রহমান ‘রাজাকার ছাত্রশিবির থেকে তারেক রহমানের ছাত্রদলের কাছে নারীরা বেশি নিরাপদ’ এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: