সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে উদ্ধৃত করে ‘বাবা (তারেক রহমান) রাজনৈতিক স্বার্থে গণভোটে হ্যাঁ এর কথা বলেছেন কিন্তু দেশের স্বার্থে আপনারা গনভোটে না বলুন’ শীর্ষক মন্তব্য সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বাবা (তারেক রহমান) রাজনৈতিক স্বার্থে গণভোটে হ্যাঁ এর কথা বলেছেন কিন্তু দেশের স্বার্থে আপনারা গনভোটে না বলুন’ শীর্ষক মন্তব্য করেননি জাইমা রহমান। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া পোস্টকে আসল খবর দাবিতে প্রচার করা হয়েছে।
উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে, মূলধারার গণমাধ্যম ‘বাংলাভিশন’ এর লোগোর আদলে তৈরি ‘গজবভিশন’ নামের একটি ফেসবুক পেজে গত ৩১ জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি পোস্ট হতে দেখা যায়।
‘গজবভিশন’ পেজটি পর্যবেক্ষণ করলে পেজের বায়োতে ‘শুধু বিনোদনের জন্য! সমসাময়িক খবর ব্যঙ্গ-সারকাজমে উপস্থাপন। সিরিয়াস হবেন না।’ শীর্ষক বাক্যের উল্লেখ পাওয়া যায়। এছাড়াও, পেজটি পর্যবেক্ষণ করলে এরূপ আরো অনেক ব্যাঙ্গাত্মক পোস্ট পাওয়া যায়।এছাড়া, জাইমা রহমানের ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলেও আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট পাওয়া যায়নি।
সুতরাং, জাইমা রহমান ‘বাবা (তারেক রহমান) রাজনৈতিক স্বার্থে গণভোটে হ্যাঁ এর কথা বলেছেন কিন্তু দেশের স্বার্থে আপনারা গনভোটে না বলুন’ শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Zaima Rahman- Facebook Account
GojobVision- Facebook Post


